বিবিএ নিউজ.নেট
শনিবার, ২০ নভেম্বর ২০২১ প্রিন্ট ৬৮১ বার পঠিত
গ্রাহকদের জন্য ‘পদ্মা প্রয়োজন’ ঋণসেবা চালু করেছে পদ্মা ব্যাংক লিমিটেড। একই সঙ্গে গাড়ি, বাড়ি ও পারসোনাল ঋণ সেবাও আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।
রাজধানীর ধানমন্ডির বিজিবি হলে শনিবার পদ্মা ব্যাংকের ঢাকা দক্ষিণ জোনের উদ্যোগে গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা হয়।
ওই সময় আনুষ্ঠানিকভাবে পদ্মা প্রয়োজনের সঙ্গে বাকি ঋণ সেবাগুলোর মোড়ক উন্মোচন করা হয়। এ ছাড়া অটোমেটেড চালান সিস্টেমের (এ-চালান) উদ্বোধনও করা হয়।
পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. এহসান খসরু প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন। পাশাপাশি তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ‘পদ্মা প্রয়োজন’ ঋণসেবার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী।
ব্যক্তিগত সেভিংস, পদ্মাবতী, পদ্মা প্রতিদিন অ্যাকাউন্টে ন্যূনতম পাঁচ হাজার টাকা ব্যালান্স থাকলেই মিলবে ‘পদ্মা প্রয়োজন’ ঋণ। সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত এ ঋণ পাওয়া যাবে।
প্রতি হাজারে মাসিক কিস্তি দিতে হবে ৯০ টাকা। পরিবারের যে কেউ একজন গ্যারান্টর হলেই চলবে। নিয়মিত ঋণ পরিশোধ করে পরবর্তী বছর পাওয়া যাবে বর্ধিত হারে ঋণ নেয়ার সুবিধা।
অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও সিইও এহসান খসরু বলেন, শুধু পদ্মা ব্যাংকের ওপর আস্থা রাখায় গ্রাহকদের সম্মান জানানোর জন্য এবং তাদের প্রয়োজনে পাশে থাকার জন্য ব্যতিক্রমী এই ঋণসেবা চালু করা হয়েছে।
আস্থা নিয়ে পদ্মা ব্যাংকের সঙ্গে থাকায় গ্রাহকদের ধন্যবাদ জানান তিনি।
তিনি মনে করেন, গ্রাহকদের আস্থা এবং বিশ্বাসকে পুঁজি করেই এগিয়ে চলার রসদ পায় পদ্মা ব্যাংক।
ব্যাংকের বিনিয়োগ, রেমিট্যান্স, আমানত ও রিকভারিতে সফলতার পাশাপাশি পদ্মা-ওয়ালেট, পদ্মা আই ব্যাংকিংসহ ব্যাংকের বিভিন্ন আধুনিক পণ্য গ্রাহকদের সামনে তুলে ধরেন তিনি। এ ছাড়াও সাধারণ মানুষ ও গ্রাহকদের কল্যাণে নিয়োজিত থাকার জন্য উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশনা দেন এহসান খসরু।
আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পদ্মা ব্যাংকের চিফ অপারেটিং অফিসার জাবেদ আমিন ও হেড অফ ল’ ফিরোজ আলম, সিএফও মো. শরিফুল ইসলাম।
গ্রাহকদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনোমিস্ট ড. নাজনীন আহমেদ। ওই সময় তিনি পদ্মা প্রয়োজনসহ অন্যান্য ঋণ সেবাগুলোর প্রশংসা করে বলেন, সময়োপযোগী এই পণ্যগুলো গ্রাহকদের চাহিদা পূরণে অনেক বেশি ভূমিকা রাখবে।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান এম আহসান উল্লাহ খান, বিজনেস হেড খন্দকার জীবানুর রহমানসহ ব্যাংকের অন্যান্য বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও সাংবাদিকরা।
সরকারি সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংক ও আইসিবির মূল মালিকানায় পরিচালিত চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেড দেশজুড়ে ৫৮টি শাখার মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে।
Posted ০৪:৪৭ অপরাহ্ণ | শনিবার, ২০ নভেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com