|

Advertisement
×

ফার্স্ট ফাইন্যান্সের এমডির পদত্যাগপত্র গ্রহণ করেনি কেন্দ্রীয় ব্যাংক

রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৩০৬ বার পঠিত

ফার্স্ট ফাইন্যান্সের এমডির পদত্যাগপত্র গ্রহণ করেনি কেন্দ্রীয় ব্যাংক

সংকটে থাকা আর্থিক প্রতিষ্ঠান ফার্স্ট ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মোশাররফ হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেনি বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, প্রতিষ্ঠানটির অনিয়ম ও অবনতি ঠেকাতে তাঁর মতো এমডির প্রয়োজন আছে। বাংলাদেশ ব্যাংকের সম্মতি না পাওয়ায় আর্থিক প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদও এমডির পদত্যাগপত্রটি গ্রহণ করেনি।

মোহাম্মদ মোশাররফ হোসেন গত ১৮ জুলাই ফার্স্ট ফাইন্যান্সের এমডি হিসেবে যোগ দেন। তাঁর মেয়াদ ছিল তিন বছর। প্রতিষ্ঠানটিতে যোগ দেওয়ার আগে তিনি উত্তরা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। সূত্র জানায়, যোগদানের পরই তিনি প্রতিষ্ঠানটির কারও কারও চাপের মুখে পড়েন। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ নভেম্বর তিনি এমডি পদ থেকে পদত্যাগপত্র জমা দেন পর্ষদে। চিঠিতে তিনি ১৫ ডিসেম্বর থেকে পদত্যাগ কার্যকরের কথা বলেন। পর্ষদের পক্ষ থেকে এমডির পদত্যাগের বিষয়টি বাংলাদেশ ব্যাংককে অবহিত করা হয়। পরে ওই পদত্যাগ কার্যকর না করার জন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের কাছে চিঠি দেয় কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি ২০২১ সালের বার্ষিক আর্থিক প্রতিবেদন চূড়ান্ত না হওয়া পর্যন্ত তাঁকে পদে বহাল রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে তিনি এখনো এমডি পদে বহাল আছেন।

জানতে চাইলে ফার্স্ট ফাইন্যান্সের চেয়ারম্যান খান মোহাম্মদ মইনুল হাসান প্রথম আলোকে বলেন, ‘এমডি পদত্যাগ করেছিলেন, কিন্তু তা কার্যকর করা হয়নি। কেউ হয়তো নিজের সুবিধার জন্য তাঁকে পদত্যাগ করতে বলেছিলেন। এ জন্য উনি পদত্যাগ করেছিলেন। কিন্তু ওনার মতো ব্যক্তিকে এই প্রতিষ্ঠানের খুব প্রয়োজন।’

মোশাররফ হোসেনের আগে ফার্স্ট ফাইন্যান্সের ভারপ্রাপ্ত এমডি ছিলেন তুহিন রেজা। প্রতিষ্ঠানটি তাঁকে এমডি করতে চাইলেও কেন্দ্রীয় ব্যাংক তাঁর নিয়োগ অনুমোদন দেয়নি। তিন দফায় তাঁর আবেদন নাকচ করে দেয় বাংলাদেশ ব্যাংক। এখন তিনি ফার্স্ট ফাইন্যান্সে অতিরিক্ত এমডি হিসেবে কর্মরত।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান খান মোহাম্মদ মইনুল হাসান বলেন, ‘আমাদের সব ঋণ বিভিন্ন ব্যবসায়ীর হাতে। যাঁদের কাছে টাকা আটকে গেছে, তাঁদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। আশা করছি চলতি বছর প্রতিষ্ঠানটির অবস্থার কিছুটা উন্নতি হবে।’

Facebook Comments Box

Posted ০৫:৪২ অপরাহ্ণ | রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com