নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ প্রিন্ট ১৪০ বার পঠিত
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ২০তম জাতীয় ফার্নিচার মেলা। ‘আমার দেশ, আমার আশা- দেশীয় ফার্নিচারে সাজাবো বাসা’ প্রতিপাদ্যে এবারের আয়োজন করেছে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি (বিফিওএমএ)। মেলার উদ্দেশ্য হচ্ছে দেশীয় আসবাব শিল্পের উন্নয়ন, রপ্তানি সম্প্রসারণ এবং স্থানীয় ক্রেতাদের মধ্যে দেশীয় ব্র্যান্ডের প্রতি আগ্রহ বাড়ানো।
গতকাল দুপুর ১২টার দিকে আইসিসিবির রাজদর্শন হলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ ও বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ড. কে এম আকতারুজ্জামান। অতিথিরা বলেন, বাংলাদেশের ফার্নিচার শিল্প এখন দেশীয় বাজার ছাড়িয়ে আন্তর্জাতিক পরিসরেও সুনাম অর্জন করেছে। প্রযুক্তি, নকশা এবং মানোন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলে এই খাত বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎসে পরিণত হতে পারে।
মেলা চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা তিনটি পৃথক হলে ঘুরে দেখতে পারবেন নতুন নকশার আসবাবপত্র। হল-১ ‘গুলনকশা’, হল-২ ‘পুষ্পগুচ্ছ’ এবং হল-৩ ‘রাজদর্শন’- এই তিন স্থানে ফার্নিচারের আধুনিক সব ডিজাইন ও পণ্যের প্রদর্শনী হবে। দর্শনার্থীদের জন্য প্রবেশের জন্য কোন টিকেট বা রেজিস্ট্রেশন-এর প্রয়োজন পড়বে না, সবাই বিনামূল্যেই এ মেলায় প্রবেশ করতে পারবেন।
এবারের আসরে অংশ নিচ্ছে দেশের ৪৮টি শীর্ষস্থানীয় আসবাব নির্মাতা প্রতিষ্ঠান। হাতিল, নাভানা, পারটেক্স, অটোবি, আখতার, ব্রাদার্স, নাদিয়া, রিগ্যাল এবং ওমেগাসহ বিভিন্ন নামী ব্র্যান্ড এবং নতুন উদ্যোক্তারা তাদের উদ্ভাবনী নকশা প্রদর্শন করছেন মেলায়। অংশগ্রহণকারীরা মোট ২৭৮টি স্টলে তাদের সর্বশেষ পণ্য, প্রযুক্তি এবং ডিজাইন প্রদর্শন করছে। কাঠ, স্টিল, প্লাস্টিক, বাঁশ ও পুনর্ব্যবহারযোগ্য উপকরণে তৈরি নানা ধরণের ফার্নিচার স্থান পেয়েছে প্রদর্শনীতে।
উদ্বোধনী দিনেই অনুষ্ঠিত হয়েছে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেখানে বিভিন্ন বয়সের ২০ জন শিশু পুরস্কৃত হবে। মোট পুরস্কারের অর্থমূল্য প্রায় দুই লাখ টাকা। শিশুদের সৃজনশীলতা ও আগ্রহ বাড়াতে এই আয়োজনকে মেলার আয়োজকরা নিয়মিত অংশ হিসেবে রাখার ঘোষণা দেন।
পুরো মেলার সার্বিক ব্যবস্থাপনা করছে ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার। তথ্যপ্রযুক্তি সহযোগী হিসেবে রয়েছে অ্যাকসেস ইনফোটেক। আয়োজকরা আশা করছেন, এবারের মেলায় দর্শনার্থী ও ক্রেতার সংখ্যা আগের বছরের তুলনায় আরও বেশি হবে এবং দেশীয় আসবাব শিল্পের প্রতি মানুষের আস্থা আরও জোরদার হবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা মেলা শেষ হবে আগামী ১৮ অক্টোবর।
Posted ০৫:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com