|

Advertisement
×
জামানত ছাড়াই ঋণের সুযোগ, সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন, অনুদান ১০ লাখ

৬৪ উপজেলায় তরুণ উদ্যোক্তা খুঁজবে বাংলাদেশ ব্যাংক

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ২৮ বার পঠিত

৬৪ উপজেলায় তরুণ উদ্যোক্তা খুঁজবে বাংলাদেশ ব্যাংক

দেশের তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বড় পরিসরের একটি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে দেশের আট জেলার ৬৪টি উপজেলায় এই কর্মসূচি চালু করা হচ্ছে। সম্ভাবনাময় তরুণদের উপজেলা পর্যায় থেকেই খুঁজে বের করে তাদের ব্যবসায়িক ধারণা যাচাই, প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় অর্থায়নের আওতায় আনা হবে।

‘উদ্যোগ উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ নামের এই উদ্যোগ বাস্তবায়ন করবে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংক বলছে, এটি কোনো প্রচলিত প্রতিযোগিতা বা শুধু ঋণ বিতরণ কর্মসূচি নয়। বরং দেশের প্রত্যন্ত উপজেলা থেকে উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা রয়েছে—এমন তরুণদের চিহ্নিত করাই হবে এর মূল লক্ষ্য। এ জন্য সংশ্লিষ্ট এলাকার তফসিলি ব্যাংকের শাখাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তরুণদের ব্যবসার ধারণা, সম্ভাব্যতা, পরিকল্পনা এবং কত অর্থ প্রয়োজন—এসব বিষয় যাচাই করে উপযুক্ত উদ্যোক্তাদের অর্থায়নের জন্য নির্বাচন করা হবে।

ঋণের সঙ্গে অনুদান:
এই কর্মসূচির সবচেয়ে বড় আকর্ষণ হলো ঋণের পাশাপাশি অনুদানের ব্যবস্থা। একজন নির্বাচিত তরুণ উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সুবিধা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংক ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে।

ঋণের ক্ষেত্রে গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৪ থেকে ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অর্থায়ন নিতে কোনো সহায়ক জামানত দিতে হবে না। ফলে যেসব তরুণের ব্যবসার সম্ভাবনা থাকলেও জমি, বাড়ি বা অন্য কোনো সম্পদ বন্ধক রাখার সুযোগ নেই, তারাও কর্মসূচির আওতায় আসার সুযোগ পাবেন।

তবে এই সুবিধার সঙ্গে কঠোর শর্তও থাকছে। নির্ধারিত সময়ে ঋণের অর্থ পরিশোধ করা না হলে অনুদানের অংশ সুদবিহীন ঋণে পরিণত হবে। পাশাপাশি ঋণ হিসাব প্রচলিত ব্যাংকিং নিয়ম অনুযায়ী শ্রেণিকরণ করা হবে। এর ফলে উদ্যোক্তা খেলাপি হিসেবে বিবেচিত হতে পারেন এবং ভবিষ্যতে ব্যাংক থেকে ঋণ পাওয়ার ক্ষেত্রে অযোগ্য হওয়ার ঝুঁকিতে পড়বেন।

ব্যবসা না থাকলেও আবেদন:
কর্মসূচিতে অংশ নিতে আগে থেকেই ব্যবসা পরিচালনা করার প্রয়োজন নেই। বাস্তবসম্মত ও সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা থাকলেও আবেদন করা যাবে। আবেদনকারীকে বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিক হতে হবে এবং সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দা হতে হবে। আবেদনের শেষ তারিখে বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে।

কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, মৎস্য, পশুপালন, হস্তশিল্প, পর্যটন, সেবা ও প্রযুক্তিসহ বিভিন্ন বৈধ খাতের উদ্যোগ বিবেচনায় নেওয়া হবে। আবেদনের জন্য কোনো ফি দিতে হবে না। নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন করা যাবে।

প্রথম ধাপে ৬৪০ তরুণ:
প্রাথমিকভাবে দেশের আটটি জেলার ৬৪টি উপজেলায় কর্মসূচি শুরু হচ্ছে। জেলাগুলো হলো—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা।

প্রতি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে প্রথম পর্যায়ে নির্বাচন করা হবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে দেশের অন্যান্য উপজেলাতেও কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য, ভবিষ্যতে প্রতি বছর প্রায় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে এ কর্মসূচির মাধ্যমে অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া।

শুধু অর্থ নয়, থাকবে প্রশিক্ষণও:
উদ্যোক্তাদের হাতে অর্থ তুলে দিয়েই দায়িত্ব শেষ করবে না বাংলাদেশ ব্যাংক। নির্বাচিত তরুণদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, অভিজ্ঞ মেন্টরের পরামর্শ, ব্যবসা নিবন্ধনে সহায়তা, ব্যবসায়িক পরিকল্পনা তৈরি এবং বাজারের সঙ্গে সংযোগ তৈরির সুযোগ দেওয়া হবে।

কেন্দ্রীয় ব্যাংকের ধারণা, একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তিন থেকে পাঁচজনের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন। ফলে এই উদ্যোগ সফল হলে একদিকে যেমন তরুণদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে, অন্যদিকে স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়বে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কর্মসূচির বিস্তারিত বাস্তবায়ন পদ্ধতি, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য শর্ত উল্লেখ করে আগামী ১৬ সেপ্টেম্বর সার্কুলার জারি করা হবে। সার্কুলার প্রকাশের পরবর্তী এক মাস আবেদন গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ০৫:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com