নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৫ মে ২০২৬ প্রিন্ট ২১ বার পঠিত
বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আগামী পাঁচ বছরে ৫ বিলিয়ন ডলারের অর্থায়ন প্যাকেজ ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সোমবার (২৫ মে) প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্ডা।
এডিবির পক্ষ থেকে জানানো হয়, ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’ নামে নতুন এই উদ্যোগের আওতায় প্রতি বছর প্রায় ১ বিলিয়ন ডলার করে মোট ৫ বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে। এর লক্ষ্য দেশের বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন এবং আঞ্চলিক বৈষম্য কমানো।
বৈঠকে মাসাতো কান্ডা বলেন, বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এক নতুন পর্যায়ে রয়েছে। এই সময়ে অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা, প্রবৃদ্ধির নতুন উৎস তৈরি এবং বহুমুখী অর্থনীতি গড়ে তুলতে এডিবি সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।
এডিবি জানিয়েছে, ২০২৬ সালের বার্ষিক সহায়তা কর্মসূচির আওতায় ইতোমধ্যে প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে বাংলাদেশের অর্থনীতিতে সৃষ্ট চাপ মোকাবিলায় অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার সহায়তা বাড়ানো হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, মধ্যমেয়াদে বাংলাদেশের জন্য বার্ষিক সহায়তার পরিমাণ প্রায় ২০ শতাংশ বাড়িয়ে ২ বিলিয়ন ডলার থেকে ২ দশমিক ৪ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এই তহবিল বিনিয়োগ-ভিত্তিক প্রবৃদ্ধি, অর্থনৈতিক বহুমুখীকরণ, সুশাসন জোরদার এবং এলডিসি উত্তরণে সহায়ক হবে।
ঢাকা সফরে এডিবি প্রেসিডেন্ট অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করেন। সেখানে বিনিয়োগ বাড়ানো, পুঁজিবাজার শক্তিশালী করা এবং বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
Posted ০৫:১৩ অপরাহ্ণ | সোমবার, ২৫ মে ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com