নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৫ মে ২০২৬ প্রিন্ট ৭ বার পঠিত
বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন একটি বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করেছে সরকার। নতুন সরকারের অধীনে তিন বছর মেয়াদি এই কর্মসূচিতে ধাপে ধাপে অগ্রাধিকারভিত্তিক সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সোমবার (২৫ মে) অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ মে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের মধ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, চলমান আইএমএফ কর্মসূচির অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা হয়। এ সময় অর্থমন্ত্রী আইএমএফের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক স্থিতিশীলতা ও কাঠামোগত সংস্কার কার্যক্রমে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, বর্তমান আইএমএফ কর্মসূচি ভিন্ন অর্থনৈতিক ও নীতিগত প্রেক্ষাপটে গ্রহণ করা হয়েছিল। তবে পরবর্তীতে দেশের রাজনৈতিক অর্থনীতি এবং বৈশ্বিক অনিশ্চয়তার কারণে কিছু সংস্কার বাস্তবায়নে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তবুও সরকার সংস্কার কার্যক্রম থেকে সরে আসতে চায় না; বরং দেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে ধাপে ধাপে তা বাস্তবায়নে আগ্রহী।
বৈঠকে নাইজেল ক্লার্ক বাংলাদেশের নতুন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও আইএমএফ বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ ও গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উভয় পক্ষ দ্রুত নতুন কর্মসূচি প্রণয়নের কার্যক্রম শুরু করার বিষয়ে একমত হয়েছে।
Posted ০৪:৩০ অপরাহ্ণ | সোমবার, ২৫ মে ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com