|

Advertisement
×

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির পথে স্ট্যান্ডার্ড চার্টার্ড

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ১৫ বার পঠিত

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির পথে স্ট্যান্ডার্ড চার্টার্ড

বাংলাদেশে ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং (ডব্লিউআরবি) ব্যবসা বিক্রির সম্ভাবনা খতিয়ে দেখছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড। বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে এ ব্যবসা বিক্রির বিভিন্ন বিকল্প পর্যালোচনা করছে ব্যাংকটি। তবে সম্ভাব্য বিক্রয়প্রক্রিয়া সম্পন্ন হতে অন্তত ১৮ থেকে ২৪ মাস সময় লাগতে পারে এবং পুরো প্রক্রিয়ায় নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন হবে।

বৃহস্পতিবার গ্রাহকদের পাঠানো এক বার্তায় স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এ তথ্য জানিয়েছে। ব্যাংকের ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান লুৎফুল হাবিবের পাঠানো বার্তায় বলা হয়, ব্যবসা বিক্রির সম্ভাবনা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হলেও এতে গ্রাহকদের ওপর তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না।

ব্যাংকটি জানিয়েছে, সম্ভাব্য বিক্রয়প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলবে। এ সময়ে গ্রাহকেরা আগের মতোই ব্যাংকিং সেবা ও লেনদেন চালিয়ে যেতে পারবেন। আমানত ও বিনিয়োগ নিরাপদ রয়েছে উল্লেখ করে স্ট্যান্ডার্ড চার্টার্ড বলেছে, পরিবর্তনের পুরো সময়ে গ্রাহকদের স্বাভাবিক সেবা নিশ্চিত করা হবে।

রিটেইল ব্যবসা বিক্রির সম্ভাবনা খতিয়ে দেখলেও বাংলাদেশ থেকে কার্যক্রম গুটিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি স্ট্যান্ডার্ড চার্টার্ড। বরং ভবিষ্যতে করপোরেট অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং (সিআইবি) ব্যবসা সম্প্রসারণে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে ব্যাংকটি।

বাংলাদেশে ১২০ বছরের বেশি সময় ধরে কার্যক্রম পরিচালনার কথা উল্লেখ করে ব্যাংকটি জানিয়েছে, আন্তর্জাতিক নেটওয়ার্ক, আন্তঃসীমান্ত ব্যাংকিং সক্ষমতা এবং বিভিন্ন খাতে বিশেষায়িত সেবার মাধ্যমে গ্রাহকদের সহযোগিতা অব্যাহত থাকবে।

ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, সম্ভাব্য ব্যবসায়িক পরিবর্তনের কারণে গ্রাহকদের ভোগান্তি যাতে সর্বনিম্ন পর্যায়ে থাকে, সে জন্য সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করে পুরো প্রক্রিয়া পরিচালনা করা হবে। এ বিষয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হলে গ্রাহকদের জানানো হবে।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের এই ঘোষণায় বাংলাদেশের রিটেইল ব্যাংকিং ব্যবসার ভবিষ্যৎ নিয়ে আলোচনা তৈরি হলেও আপাতত গ্রাহকদের জন্য সেবায় কোনো পরিবর্তন আসছে না। ব্যাংকটি স্পষ্ট করেছে, বিক্রির সম্ভাবনা যাচাই করা হচ্ছে মাত্র; চূড়ান্ত কোনো লেনদেন এখনো হয়নি।

গ্রাহকদের কোনো প্রশ্ন বা সহায়তার প্রয়োজন হলে ব্যাংকের কন্টাক্ট সেন্টার ১৬২৩৩ অথবা সংশ্লিষ্ট রিলেশনশিপ ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

বাংলাদেশের রিটেইল ব্যাংকিং ব্যবসা থেকে সম্ভাব্য সরে আসার সিদ্ধান্তটি স্ট্যান্ডার্ড চার্টার্ডের বৈশ্বিক ব্যবসা পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে চূড়ান্ত বিক্রয়, সম্ভাব্য ক্রেতা এবং লেনদেনের শর্ত নির্ধারণে আরও সময় লাগবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পরই এ ধরনের কোনো লেনদেন কার্যকর হবে।

Facebook Comments Box

Posted ০৭:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com