নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৪ আগস্ট ২০২৩ প্রিন্ট ৩৫২ বার পঠিত
বাংলাদেশ ব্যাংকের ওয়েব-ভিত্তিক সার্ভিস ৩৬ ঘণ্টা বন্ধ থাকবে। সোমবার (১৪ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে জরুরি সিস্টেম রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পাদনের নিমিত্তে বাংলাদেশ ব্যাংকের কিছু ওয়েব-ভিত্তিক সার্ভিস গতকাল ১৪ আগস্ট রাত ৮ থেকে আগামীকাল ১৬ আগস্ট সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে। এর আগে বৃহস্পতিবার (১০ আগস্ট) সাইবার আক্রমণের ঝুঁকি এড়াতে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ১১ দফা নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশের সাইবার জগতের ওপর সম্প্রতি হামলার হুমকি দিয়েছে হ্যাকারদের একটি দল। তারা সম্ভাব্য হামলার তারিখ হিসেবে ১৫ আগস্টের কথা উল্লেখ করেছে। এই হুমকির পরিপ্রেক্ষিতে সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট) থেকে সাইবার নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। ৭ আগস্ট বিজিডি ই-গভ সার্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইবার হামলায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই), ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হতে পারে। এ জন্য ছোট বা মাঝারি ধরনের সাইবার হামলা ঠেকানোর জন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে পূর্ব প্রস্তুতি নিতে বলা হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— ২৪ ঘণ্টা, বিশেষ করে অফিস সময়সূচির বাইরের সময়ে নেটওয়ার্ক অবকাঠামোতে নজরদারি রাখা এবং কেউ তথ্য সরিয়ে নিচ্ছে কিনা, তা খেয়াল রাখা। সাইবার আক্রমণ সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে। এ ছাড়া নেটওয়ার্কে অনিরাপদ কার্যক্রম শনাক্তের জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা শক্ত করতে ওপেন ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি প্রজেক্টের (ওডব্লিউএএসপি) সর্বশেষ নির্দেশিকা মানতে হবে।
বাংলাদেশকে লক্ষ্য করে সম্প্রতি সাইবার হামলার কিছু ঘটনার কথা উল্লেখ করেছে বিজিডি ই-গভ সার্ট। এর মধ্যে ১ আগস্ট একটি হ্যাকার গ্রুপ বাংলাদেশে পেমেন্ট গেটওয়ে, আইন প্রয়োগকারী সংস্থা ও ব্যাংক খাতে একটি সাইবার আক্রমণের দাবি করা হয়। এ ছাড়া গত ৩ জুলাই একটি হ্যাকার গ্রুপ দাবি করে যে, বাংলাদেশি পরিবহন পরিষেবার ওপর এক ঘণ্টার জন্য তারা ডিডস আক্রমণ করেছিল। গত ২৭ জুন একটি হ্যাকার গোষ্ঠী বাংলাদেশের একটি সরকারি কলেজের ওয়েবসাইটকে বিকৃত করেছে এবং তারা তাদের কাজের একটি নমুনাও প্রকাশ করেছে। একই কাজ করা হয়েছে স্বাস্থ্য খাতের একটি প্রতিষ্ঠানের সাইটে গত ২৪ জুন।
Posted ০৬:৩৯ অপরাহ্ণ | সোমবার, ১৪ আগস্ট ২০২৩
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com