নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ প্রিন্ট ২৩ বার পঠিত
বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ ক্ষেত্রে বাণিজ্য সম্প্রসারণ, পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নবনিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং। সাক্ষাতে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।
বৈঠকে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নিয়েও আলোচনা হয়। বিশেষ করে সিঙ্গাপুরের ‘ট্রেডট্রাস্ট’ প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য কার্যক্রমকে আরও ডিজিটাল করার বিষয়টি গুরুত্ব পায়।
বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারের আলোকে এ উদ্যোগে দেশের স্থানীয় ব্যাংকগুলোর আগ্রহ এবং ইতোমধ্যে কয়েকটি ব্যাংকের অংশগ্রহণের বিষয়টি বৈঠকে উঠে আসে। এ কার্যক্রমে বাংলাদেশি ব্যাংকগুলোর অংশগ্রহণের প্রশংসা করেন সিঙ্গাপুরের প্রতিনিধিরা।
বৈদেশিক বাণিজ্যের ডিজিটাল রূপান্তর কার্যক্রম আরও এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংক ও সিঙ্গাপুরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কর্মী কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটি এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম ও সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে কাজ করবে।
সাক্ষাতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে বাংলাদেশ ও সিঙ্গাপুরের বাণিজ্য সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ ও বহুমুখী করার আহ্বান জানান তিনি।
সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ওয়াং চু সিন এবং এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের বেনজামিন চুসহ একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।
বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান ও মো. সরোয়ার হোসেন, নির্বাহী পরিচালক মো. হারুন-অর-রশিদ এবং পরিচালক আবু ছালেহ মুহাম্মদ সাহাব উদ্দীন উপস্থিত ছিলেন।
Posted ০৫:৩৪ অপরাহ্ণ | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com