|

Advertisement
×

বাণিজ্য বাড়াতে যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব ভারতীয় ডেপুটি হাইকমিশনারের

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ৬ বার পঠিত

বাণিজ্য বাড়াতে যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব ভারতীয় ডেপুটি হাইকমিশনারের

বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শুল্ক ও অশুল্ক বাধা দূর করা এবং ব্যবসায়িক যোগাযোগ আরও জোরদারে যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারত। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতে ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে এবং বর্তমানে প্রতিদিন প্রায় ৫ হাজার ভিসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ানকুমার তুলশিদাস বাধে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

সাক্ষাতে ভারতীয় ডেপুটি হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা আরও বাড়াতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ জোরদার করা প্রয়োজন। এ জন্য একটি ব্যবসায়িক সংযোগ বা বিটুবি টাস্কফোর্স গঠনের উদ্যোগ নেওয়া যেতে পারে।

তিনি জানান, টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে তাঁর দপ্তর বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছে। এ উদ্যোগে বাংলাদেশের বেসরকারি খাতের পক্ষ থেকে এফবিসিসিআইয়ের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।

বৈঠকে দুই দেশের বাণিজ্যে বিদ্যমান শুল্ক ও অশুল্ক বাধা কমানো, বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন খাতে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

ভারতের ডেপুটি হাইকমিশনার আরও জানান, বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতে ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। ভারতীয় হাইকমিশন প্রতিদিন প্রায় ৫ হাজার ভিসা ইস্যু করছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে একটি যৌথ টাস্কফোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের উদীয়মান ও সম্ভাবনাময় খাতগুলোতে যৌথভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি বিনিয়োগের নতুন ক্ষেত্র চিহ্নিত করে ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

বৈঠকে দুই দেশের বেসরকারি খাতের মধ্যে নিয়মিত যোগাযোগ, ব্যবসায়িক প্রতিনিধিদল বিনিময় এবং বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

Facebook Comments Box

Posted ০৬:২৪ অপরাহ্ণ | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com