|

Advertisement
×

বিনিয়োগ বাড়াতে মালয়েশিয়া যাচ্ছে ঢাকা চেম্বারের প্রতিনিধিদল

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ২০ বার পঠিত

বিনিয়োগ বাড়াতে মালয়েশিয়া যাচ্ছে ঢাকা চেম্বারের প্রতিনিধিদল

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং দেশটির বাজারে বাংলাদেশের সম্ভাবনাময় পণ্যের রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে মালয়েশিয়া সফরে যাচ্ছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)র ৩৯ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধিদল।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি আগামী ২২ থেকে ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর সফর করবে। সফরকালে মালয়েশিয়ার ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে বাণিজ্য আলোচনা, ব্যবসায়িক বৈঠক ও দ্বিপক্ষীয় বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন সুযোগ নিয়ে আলোচনা হবে। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন সফরের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করবে।

সফরের অংশ হিসেবে ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর যথাক্রমে ক্ল্যাং চাইনিজ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স এবং ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য আলোচনা করবে ডিসিসিআই প্রতিনিধিদল।

এসব বৈঠকের পাশাপাশি ব্যবসায়িক সংযোগ স্থাপনের জন্য বিটুবি বৈঠকে অংশ নেবেন বাংলাদেশের উদ্যোক্তারা। এর মাধ্যমে মালয়েশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়ানো, নতুন ক্রেতা ও অংশীদার খুঁজে নেওয়া এবং যৌথ বিনিয়োগের সুযোগ তৈরির বিষয়ে আলোচনা হবে।

হালাল শিল্পে নতুন সম্ভাবনা:
সফরের সময় ২৪ সেপ্টেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক হালাল পণ্যের বাণিজ্য মেলা ‘মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (মিহাস)-২০২৬’-এ অংশ নেবে ডিসিসিআই প্রতিনিধিদল। বিশ্বের অন্যতম বৃহৎ হালাল পণ্যের এ আন্তর্জাতিক প্রদর্শনীতে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদের ব্যবসায়িক যোগাযোগের সুযোগ তৈরি হবে।

হালাল খাদ্য, প্রসাধনসামগ্রী, ওষুধসহ সংশ্লিষ্ট বিভিন্ন খাতে বাংলাদেশের উদ্যোক্তাদের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি মালয়েশিয়ার ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা করবেন প্রতিনিধিদলের সদস্যরা।

সফরকালে মালয়েশিয়া সরকারের পর্যটন, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী টিয়ং কিং সিং এবং উপ-অর্থমন্ত্রী লিউ চিং টংয়ের সঙ্গে ডিসিসিআই নেতাদের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এসব বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। দেশটিতে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী কাজ করছেন। মালয়েশিয়ায় কর্মরত মোট বিদেশি শ্রমিকের ৩৭ শতাংশই বাংলাদেশি বলে জানিয়েছে ডিসিসিআই। ২০২৫-২৬ অর্থবছরে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিরা দেশে প্রায় ৩ দশমিক ৪০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

দুই দেশের পণ্য বাণিজ্যেও মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ২ দশমিক ৫৭ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ মালয়েশিয়া থেকে প্রায় ২ দশমিক ২৯৩ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। বিপরীতে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় রপ্তানি হয়েছে প্রায় ২৮২ মিলিয়ন ডলারের পণ্য।

তবে আমদানি ও রপ্তানির এই ব্যবধান কমিয়ে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানোকে সফরের অন্যতম লক্ষ্য হিসেবে দেখছে ডিসিসিআই। বিশেষ করে তৈরি পোশাক, খাদ্য ও কৃষিপণ্য, ওষুধ, চামড়াজাত পণ্য, হালাল পণ্যসহ সম্ভাবনাময় খাতে মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ খুঁজবেন ব্যবসায়ী প্রতিনিধিরা।

অন্যদিকে বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগও রয়েছে। ডিসিসিআইয়ের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ার উদ্যোক্তারা বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় ৭৫৫ দশমিক ৪৮ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছেন। টেলিযোগাযোগ, বিদ্যুৎ, রাসায়নিক ও ওষুধ, নির্মাণ এবং বস্ত্র খাতে এসব বিনিয়োগের উল্লেখযোগ্য অংশ রয়েছে।

ব্যবসায়ী মহলের মতে, বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশি কর্মীদের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি হয়েছে। এখন পণ্য রপ্তানি, সেবা, শিল্প বিনিয়োগ ও হালাল অর্থনীতিতে সহযোগিতা বাড়ানো গেলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত হওয়ার সুযোগ রয়েছে।

ডিসিসিআইয়ের এই সফরের মাধ্যমে বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য নতুন ব্যবসায়িক অংশীদার খোঁজা, রপ্তানি বাজার সম্প্রসারণ এবং মালয়েশিয়ার বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি দুই দেশের বেসরকারি খাতের মধ্যে দীর্ঘমেয়াদি যোগাযোগ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ০৬:৪৯ অপরাহ্ণ | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com