|

Advertisement
×

বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করছে সরকার: মন্ত্রী

রবিবার, ৩০ আগস্ট ২০২৬   প্রিন্ট   ১৭ বার পঠিত

বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করছে সরকার: মন্ত্রী

বিগত সরকারের ১৮ বছরের শাসনামলে রাজনৈতিক কারণে তালিকা থেকে বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের পুনরায় রাষ্ট্রীয় তালিকায় অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু করেছে সরকার। একই সঙ্গে অনিয়মের মাধ্যমে তালিকায় স্থান পাওয়া অমুক্তিযোদ্ধাদের শনাক্ত করে বাদ দেওয়ার কার্যক্রমও চলছে।

রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মো. নাজমুল হুদার এক সম্পূরক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এসব কথা জানান।

মন্ত্রী বলেন, বিগত সরকারের শাসনামলে শুধু বিরোধী রাজনৈতিক আদর্শ ধারণ করার কারণে অসংখ্য প্রকৃত মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি। এ ছাড়া বিভিন্ন বাস্তব ও প্রশাসনিক জটিলতার কারণেও অনেকে এতদিন তালিকার বাইরে ছিলেন।

তিনি বলেন, বর্তমান সরকার বাদপড়া এসব বীর মুক্তিযোদ্ধাকে পূর্ণাঙ্গ ও সঠিক রাষ্ট্রীয় তালিকার আওতায় আনতে কাজ করছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির জন্য নতুন করে আবেদন গ্রহণ করা হচ্ছে। আবেদনগুলো যথাযথভাবে যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্টদের রাষ্ট্রীয় তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

একই সঙ্গে অনিয়মের মাধ্যমে তালিকায় ঢুকে পড়া ব্যক্তিদের শনাক্ত করে বাদ দেওয়ার প্রক্রিয়াও অব্যাহত রয়েছে বলে জানান মন্ত্রী। যাচাই-বাছাইয়ে অমুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত অনেকের নাম ইতোমধ্যে গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটি সুনির্দিষ্ট, স্বচ্ছ ও নির্ভুল তালিকা তৈরি করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। একদিকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করা হচ্ছে, অন্যদিকে ভুয়া সনদ বা অনিয়মের মাধ্যমে সুবিধা নেওয়া ব্যক্তিদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় স্বীকৃতিকে বিতর্কমুক্ত রাখতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ অব্যাহত রাখবে।

Facebook Comments Box

Posted ০৮:৩৬ অপরাহ্ণ | রবিবার, ৩০ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com