নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ প্রিন্ট ৫৪৯ বার পঠিত
আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাস বলেছেন, মানিলন্ডাররা (পাচারকারী) প্রতিনিয়ত তাদের কৌশল ও মাধ্যম পরিবর্তন করে থাকে। এক্ষেত্রে আর্থিক সেবা খাতের মধ্যে তুলনামূলকভাবে দুর্বল খাতকে মানিলন্ডারিংয়ের মাধ্যমে হিসেবে ব্যবহার করে তারা। এ বিবেচনায় বীমা প্রতিষ্ঠানসমূহকে ঝুঁকিমুক্ত রাখতে সচেষ্ট থাকার পরামর্শ দেন তিনি।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এক কর্মশালায় এসব কথা বলেন বিএফআইইউ প্রধান। লাইফ ও নন-লাইফ ইন্সুরেন্স কোম্পানিসমূহের মানিলন্ডারিং প্রতিরোধ নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের পরিচালক এস এম মাসুদুল হক ও সহকারী পরিচালক আবু মাহমুদ। কর্মশালাতে রিসোর্স পারসন হিসেবে ছিলেন বিএফআইউর অতিরিক্ত পরিচালক মাহাম্মদ মহসিন হাছাইনী। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন লাইফ ও নন-লাইফ ইন্সুরেন্স কোম্পানিসমূহের প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তারা অংশ নেন।
বিএফআইইউ প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাস বলেন, বিশ্বে যে পরিমাণ মানিলন্ডারিং হয় তার প্রায় ২০ শতাংশে বীমা প্রতিষ্ঠানকে ব্যবহার করা হয়। বীমা প্রতিষ্ঠানসমূহকে মানিলন্ডারিংয়ের ঝুঁকিমুক্ত রাখতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। এক্ষেত্রে, বীমা প্রতিষ্ঠানসমূহ কর্তৃক বিএফআইইউ বরাবর দাখিলকৃত সন্দেহজনক লেনদেনের সংখ্যা একেবারেই অপ্রতুল। বীমা খাতের সুশাসন নিশ্চিতের মাধ্যমে খাতটির টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বিএফআইইউ কর্তৃক সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ইন্সুরেন্স কোম্পানি পরিদর্শনে বিভিন্ন অনিয়ম দেখা গেছে। এসব অনিয়মের মধ্যে রয়েছে- ইন্সুরেন্স কোম্পানিসমূহ রি-ইন্সুরেন্সে প্রিমিয়াম বাবদ বিদেশি নামসর্বস্ব ইন্সুরেন্স প্রতিষ্ঠানের অনুকূলে বৈদেশিক মুদ্রা প্রেরণ করা, বীমা পলিসির মেয়াদপূর্তি সত্ত্বেও উক্ত পলিসির বিপরীতে গ্রাহকদের দাবি নিস্পত্তি না করা, প্রিমিয়াম বাবদ গৃহীত অর্থ সুষ্ঠুভাবে বিনিয়োগ না করে স্থানান্তার, প্রিমিয়ামের অর্থ পরিচালক ও ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্নভাবে তছরূপ ইত্যাদি। এসব বিষয়ে আরও যত্নশীল হওয়ার পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, বীমা খাতে অর্থ পাচারের সিংহভাগ পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সংশ্লিষ্টদের মাধ্যমে ঘটে থাকে। কর্মশালায় রিসোর্স পারসন অতিরিক্ত পরিচালক জনাব মাহাম্মদ মহসিন হাছাইনী মানিলন্ডারিং সন্ত্রাসে অর্থায়নের নানা খুঁটি-নাটি দিক ও এ বিষয়ে করণীয় বিষয়ে বিশদভাবে উপস্থাপন করেন।
সমাপনী বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ডেপুটি হেড অব বিএফআইইউ এ, এফ, এম শাহীনুল ইসলাম সুসংহত বীমা খাত গড়ে তোলার আহ্বান জানান।
Posted ০৯:৪৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com