শনিবার ১৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করছে: দেবপ্রিয় ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬   প্রিন্ট   ১৫ বার পঠিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করছে: দেবপ্রিয় ভট্টাচার্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্যচুক্তি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, দেশভিত্তিক বৈদেশিক নীতি অনুসরণ না করার কথা বলা হলেও বাস্তবে বাণিজ্যচুক্তির কারণে কার কাছ থেকে জ্বালানি কেনা হবে, সে সিদ্ধান্তেও নির্ভরশীলতা তৈরি হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘বাজেটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ’ শীর্ষক প্রাক্‌-বাজেট ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কার বাস্তবায়নে ধীরগতি নিয়ে প্রশ্ন

দেবপ্রিয় ভট্টাচার্য অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নের অগ্রগতি নিয়েও হতাশা প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কেন ঋণের কিস্তি ছাড় করছে না এবং অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত সংস্কারগুলো কেন বাস্তবায়ন করা যাচ্ছে না।

তার ভাষায়, অর্থনীতি নিয়ে শ্বেতপত্র ও বিভিন্ন খাতভিত্তিক সংস্কার প্রস্তাব তৈরি হয়েছে, কিন্তু সেগুলো বাস্তবে প্রয়োগ না হলে তা শুধু নথিপত্রেই সীমাবদ্ধ থেকে যাবে।

বর্তমান সরকারের সংস্কার কমিশন গঠনে বিলম্ব নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করে দ্রুত এ কমিশন গঠনের আহ্বান জানান।

জ্বালানি খাত নিয়ে সমালোচনা

জ্বালানি খাতকে অর্থনীতির ‘ফুসফুস’ হিসেবে উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ব্যাংক খাতের সঙ্গে মিলেই এই খাত অর্থনীতিকে সচল রাখে। তবে গত ১৭ বছরে জ্বালানি খাতে নীতিগত বিভ্রান্তি ও বিতর্কের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশে গ্যাসের সম্ভাবনা থাকা সত্ত্বেও অনুসন্ধানে যথেষ্ট বিনিয়োগ হয়নি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে কার্যকরভাবে কাজে লাগানো হয়নি। ফলে উৎপাদনমুখী নীতির পরিবর্তে আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার দিকে ঝুঁকেছে দেশ; যা একটি শক্তিশালী স্বার্থগোষ্ঠী তৈরি করেছে।

নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত অগ্রসর হওয়ারও পরামর্শ দেন তিনি।

আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন

সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচি-যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড নিয়ে আর্থিক সক্ষমতার প্রশ্ন তোলেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া এমন উদ্যোগ টেকসই হবে না।

তিনটি সুপারিশ

জ্বালানি খাত সংস্কারে তিনি তিনটি সুপারিশ তুলে ধরেন। সেগুলো হলো– গরিবের করের টাকায় ধনীদের ভর্তুকি না দেওয়া; জ্বালানি অনুসন্ধানে বিনিয়োগ বাড়ানো; সাশ্রয়ী মূল্যে জ্বালানি আমদানি নিশ্চিত করা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতির ভার নিয়ে যাত্রা শুরু করেছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে এবং আমদানি ব্যয় বেড়ে মূল্যস্ফীতির চাপ বাড়ছে।

বিতর্ক প্রতিযোগিতার ফলাফল

প্রতিযোগিতায় ‘আগামী বাজেটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমেই অর্থনৈতিক সুরক্ষা অর্জন করা সম্ভব’ এই প্রস্তাবের ওপর আয়োজিত বিতর্কে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দল বিজয়ী হয়। তারা ঢাকার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের দলকে পরাজিত করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

Facebook Comments Box
×

Posted ০৫:০০ অপরাহ্ণ | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com