নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ প্রিন্ট ২০ বার পঠিত
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। কয়েকদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সংসদ সচিবালয় তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে তার পদত্যাগের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, “এটা তো এখন সবার জানা। আমার মুখ থেকে শুনে আর কী হবে? আমি অসুস্থ, তাই করে দিয়েছি।” পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি তো বলেই দিয়েছি। বাকিটা বুঝে নিন।”
সংসদ সচিবালয়ের সূত্র জানায়, শুক্রবার বিকেলে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
গত দুই দিন ধরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছিল। বিভিন্ন সূত্রে জানা যায়, তিনি পদত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন। এর আগে শুক্রবার চিকিৎসার জন্য থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলার পরই সংসদ সচিবালয় বিকেল ৫টায় সংসদের শপথ কক্ষে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দেয়। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে, পদত্যাগ, মৃত্যু বা অন্য কোনো কারণে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সে অনুযায়ী, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ কার্যকর হওয়ার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের মধ্য দিয়ে তার রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্বের অবসান ঘটল। একই সঙ্গে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হওয়ার পথ উন্মুক্ত হলো।
Posted ০৫:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com