Ad
x

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংককে ঋণ আদায় ও সুশাসন জোরদারের নির্দেশ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   প্রিন্ট   ২৩ বার পঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংককে ঋণ আদায় ও সুশাসন জোরদারের নির্দেশ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। বৈঠকে তিনি ঋণ আদায় কার্যক্রম জোরদার, সুশাসন নিশ্চিত এবং ব্যাংক পরিচালনায় পূর্ণাঙ্গ পেশাদারত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এ বৈঠকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমানসহ আটজন পরিচালক উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে গভর্নর, ডেপুটি গভর্নর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।

বৈঠক শেষে ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান জানান, বাংলাদেশ ব্যাংক নিয়মনীতি মেনে ব্যাংক পরিচালনা এবং ঋণ আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে। তিনি বলেন, পরিচালনা পর্ষদ ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে এবং নির্বাহী কমিটি ঋণ আদায় ও নতুন বিনিয়োগ কার্যক্রমে নজর দিচ্ছে।

তিনি আরও বলেন, ব্যাংকের প্রতিটি গুরুত্বপূর্ণ কমিটিতে বাংলাদেশ ব্যাংকের একজন পর্যবেক্ষক রয়েছেন। ফলে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে এবং নতুন করে কোনো অনিয়মের সুযোগ থাকবে না।

এর আগে গত ১৫ জুলাই বাংলাদেশ ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। পাঁচজন স্বতন্ত্র পরিচালকের পাশাপাশি পুরোনো উদ্যোক্তা-শেয়ারধারীদের মধ্য থেকে ১৪ জনকে নিয়ে নতুন পর্ষদ গঠন করা হয়। পরবর্তীতে নতুন পর্ষদ চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং বিভিন্ন কমিটির প্রধান নির্বাচন করে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বর্তমানে শেয়ারধারী পরিচালক, কেন্দ্রীয় ব্যাংক মনোনীত স্বতন্ত্র পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের একজন পর্যবেক্ষকের সমন্বয়ে ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল এস আলম গ্রুপ ও কেডিএস গ্রুপের হাতে। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকটির আগের পরিচালনা পর্ষদ বাতিল করে স্বতন্ত্র পরিচালকদের মাধ্যমে পরিচালনার ব্যবস্থা করে। সর্বশেষ পুনর্গঠনের মাধ্যমে উদ্যোক্তা-শেয়ারধারীদের প্রতিনিধিদের আবারও পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Facebook Comments Box

Posted ০৭:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com