নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৩৪ বার পঠিত
নিরাপদে নগদ বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা এবং পরিবহনের ঝুঁকি কমাতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খোলার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এসব হিসাব শুধু বৈদেশিক মুদ্রার নোট নিরাপদে সংরক্ষণ, জমা ও উত্তোলনের কাজে ব্যবহার করা যাবে। এসব হিসাবের বিপরীতে কোনো সুদ দেওয়া হবে না। নির্ধারিত সীমা নির্বিশেষে ব্যবসায়িক লেনদেনের পরিমাণ ও ধরন যথাযথভাবে নথিভুক্ত থাকা সাপেক্ষে এসব হিসাবে বৈদেশিক মুদ্রা জমা করা যাবে।
বুধবার (৪ নভেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
নির্দেশনা অনুযায়ী, নিরাপত্তা নিশ্চিত করতে মানি চেঞ্জারদের নগদ অর্থ পরিবহনের জন্য বৈধ ক্যাশ-ইন-ট্রানজিট (সিআইটি) বিমা সংরক্ষণ করতে হবে। নির্ধারিত সীমার অতিরিক্ত বৈদেশিক মুদ্রা পরিবহনের ক্ষেত্রে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে লাইসেন্সপ্রাপ্ত সিআইটি সেবাদাতা প্রতিষ্ঠান অথবা নিরাপত্তা প্রহরীসহ নিরাপদ পরিবহনব্যবস্থা ব্যবহার করতে হবে।
দিনের শেষভাগে বৈদেশিক মুদ্রা জমা দেওয়ার সুবিধার্থে এডি ব্যাংকগুলোকে নিরাপদ কাউন্টার ও অস্থায়ী ভল্টের ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, মানি চেঞ্জারদের অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে চেক বা উত্তোলন স্লিপের বিপরীতে এসব হিসাব থেকে অর্থ তোলা যাবে। তবে উত্তোলনের পরিমাণ সংশ্লিষ্ট হিসাবের স্থিতির মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এ ক্ষেত্রে কোনো ওভারড্রাফট বা ঋণসুবিধা দেওয়া যাবে না।
এ ছাড়া এসব হিসাবের মাধ্যমে অর্থ স্থানান্তর, রেমিট্যান্স এবং তৃতীয় পক্ষের অনুকূলে লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সব লেনদেন অবশ্যই বৈদেশিক মুদ্রার নোটের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের ফলে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আরও নিরাপদ ও কার্যকর হবে। একই সঙ্গে এ খাতে পরিচালনগত ঝুঁকি কমবে এবং নিয়ন্ত্রক বিধিবিধান পরিপালন জোরদার হবে।
Posted ০৮:৪৪ অপরাহ্ণ | বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন