Ad
x

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে দেশে ফিরছেন স্পিকার

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   প্রিন্ট   ১৭ বার পঠিত

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে দেশে ফিরছেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের গুঞ্জনের মধ্যে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদ সচিবালয়ের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আগামী শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর পৌঁছানোর কথা রয়েছে।

স্পিকার গত ১৯ জুলাই চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে যান। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও সরকারের উচ্চপর্যায়ের অনুরোধে তিনি সফর সংক্ষিপ্ত করে এক দিন আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, স্পিকারের ২৬ জুলাই দেশে ফেরার কথা ছিল। তবে সরকারের উচ্চপর্যায় থেকে অনুরোধ পাওয়ার পর তিনি শুক্রবারই দেশে ফিরছেন।

তিনি বলেন, “গতকাল থেকেই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন আলোচনা চলছে। এ কারণেই সম্ভবত স্পিকার সফর সংক্ষিপ্ত করেছেন। আশা করছি, আগামীকালের মধ্যেই বিষয়টি পরিষ্কার হবে।”

যদিও রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকার বা বঙ্গভবনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।

সংবিধানে যা বলা আছে বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তাঁকে স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত একটি পত্র দিতে হয়।

অন্যদিকে ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

এছাড়া ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

অতীতের নজির

 

বাংলাদেশে এর আগে ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর তৎকালীন স্পিকার প্রয়াত জমির উদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তিনি নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত ৭৮ দিন এ দায়িত্বে ছিলেন।

বর্তমানে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নানা আলোচনা চললেও এ বিষয়ে সরকারিভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তবে স্পিকারের নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নতুন করে এ আলোচনা আরও জোরালো করেছে।

Facebook Comments Box

Posted ০৮:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com