নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ প্রিন্ট ২৯৯ বার পঠিত
চৌকস ব্যক্তিত্ব, দুর্দান্ত ব্যাডমিন্টন খেলোয়াড়, সফল ব্যবসায়ী, ইংরেজি দৈনিকের তুখোড় ক্রীড়া সাংবাদিক সর্বোপরি প্রাণচাঞ্চল্যে ভরপুর এক মানুষ। যাঁর সান্নিধ্য ও স্মিত হাসিমুখ মন ভালো করে দেয় অন্যদের। কোন দিন কারো সাথে ঝগড়া করেননি। অন্যায়ের সাথে আপোষ করেননি কোনদিন। নিজের দেশেও যেন ছিলেন পরবাসী। স্বদেশ প্রেমের এক অনন্য উদাহরণ বুদ্ধ দেব মুখার্জী। অবশ্য এই নামে কেউ চিনবে না তাঁকে। তিনি খ্যাত ছিলেন বিডি মুখার্জী নামে। আজ (১১ জানুয়ারি) দুপুরে কেন্দ্রীয় কচিকাঁচা আসর ভবনে অনুষ্ঠিত স্মরণ সভায় তার সম্পর্কে এমন আরও অনেক কথা বলেছেন তার সহকর্মী- স্বজন-গুণগ্রহীরা।
দীর্ঘদিন রোগভোগের পর জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য বিডি মুখার্জী গত ৩১ ডিসেম্বর পাড়ি জমিয়েছেন অনন্তলোকে। ঢাকা থেকে অধুনালুপ্ত ইংরেজি দৈনিক ‘দ্য বাংলাদেশ অবজারভার’র সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক এবং চা বাগান ব্যবসায়ী ছিলেন বিডি মুখার্জী। পারিবারিক সূত্রে পাওয়া হবিগঞ্জ জেলার মাধবপুরে অবস্থিত বৈকুণ্ঠপুর চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি। এছাড়া বাংলাদেশ প্লানটেশন এবং হিল প্লানটেশন কোম্পানি দুটিরও সাবেক ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি।
অত্যন্ত স্নেহশীল বিডি মুখার্জী সকলের অত্যন্ত প্রিয়জন ছিলেন। স্মরণ সভায় বক্তারা আরও বলেন সাবেক পূর্ব পাকিস্তানের ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন বি ডি মুখার্জী ছিলেন একজন অসাম্প্রদায়িক মানুষ।
বিডি মুখার্জীর ছোট ভাই প্রদীপ মুখার্জী বলেন, বাবা যখন মারা গেলেন তখন এই বলে শান্তনা নিয়েছিলাম যে বাবা নেই কিন্তু দাদা তো আছেন। তিনি বলেন, দাদা সব সময় সকল দায় দায়িত্ব নিজের কাঁধে নিতেন কোন কষ্ট বিপদ আপদ ছোট ভাই বোনদেরকে বুঝতে দিতেন না।
অন্যান্যের মধ্যে বন্ধু আমিনুর রহমান, মোহাম্মদ হাবিবুল আলম বীর প্রতিক, মনোজ কান্তি রায়, বিডি মুখার্জীর ভাগিনা মো. শহুদ মুনতাসির, শুভানুধ্যায়ী বিমান ভট্টাচার্য, সহকর্মী সাংবাদিক বখতিয়ার রানা, ছোট ভাই প্রদীপ মুখার্জীর বন্ধু সুলতান মাহমুদ সিমন ছাড়াও স্মরণ সভায় স্মৃতিচারণ করেন সন্ধ্যা ভট্টাচার্য, মো. মোবারক হোসেন, শেখ আলিমুল হক, স্বপন দত্ত, সুকুমার সরকার ও তাঁর ভাইয়ের স্ত্রী আলপনা চোধুরি।
Posted ০৮:৫৩ অপরাহ্ণ | শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন