নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ প্রিন্ট ২৩৭ বার পঠিত
সাউথইস্ট ব্যাংক পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়। ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান এম এ কাশেম। এজিএমে ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন হয়েছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে সমন্বিতভাবে ব্যাংকের শেয়ারপ্রতি ৩২ পয়সা আয় হয়েছে যা আগের বছর সমন্বিতভাবে শেয়ারপ্রতি ১ টাকা ৬০ পয়সা আয় হয়েছিলো। সর্বশেষ অর্থবছরে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিলো ১৩ টাকা ৩৮ পয়সা। গত ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মুল্য ছিল ২৩ টাকা ৫৯ পয়সা।
সাধারণ সভায় এম এ কাশেম চেয়ারম্যান পদে এবং পরিচালক পদে মিসেস জ্যোৎস্না আরা কাশেম, দুলুমা আহমেদ পুনঃনির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র পরিচালক পদে মো. নুরুল ইসলাম, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান, ব্যরিস্টার এম মঈন আলম ফিরোজি ও ড. মো. মজিবুর রহমান পুনঃনির্বাচিত হয়েছেন।
ব্যাংকের চেয়ারম্যান এম. এ. কাশেম তার বক্তব্যে ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি অর্জনে পরিচালনা পর্ষদ ও শেয়ারহোল্ডারদের আন্তরিক সহযোগিতা ও অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ব্যাংকের ভাবমূর্তি অক্ষুন্ন রেখে পরিচালন দক্ষতা বৃদ্ধি ও মুনাফা উন্নয়নের লক্ষ্যে শেয়ারহোল্ডারদের প্রদত্ত সুচিন্তিত ও গঠনমূলক পরামর্শগুলো ধাপে ধাপে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
বার্ষিক সাধারণ সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার অনলাইনের মাধ্যমে তাদের মূল্যবান প্রশ্ন ও মতামত উপস্থাপন করেন। তারা সন্তোষজনক পরিচালন ফলাফল, স্থিতিশীল লভ্যাংশ ঘোষণা এবং তথ্যসমৃদ্ধ, সমন্বিত ও আকর্ষণীয় বার্ষিক প্রতিবেদন ২০২৪ প্রকাশের জন্য পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানান।
বার্ষিক সাধারণ সভা পরিচালনা করেন কোম্পানি সেক্রেটারি মামুনুর রশিদ, এফসিএস।
Posted ০৭:০১ অপরাহ্ণ | বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com