নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ প্রিন্ট ৩৬৮ বার পঠিত
নতুন বছরের প্রথম তিন কার্যদিবসে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির বোনাস শেয়ার লভ্যাংশের প্রস্তাব বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠান তিনটি হলো-ভিএফএস থ্রেড ডাইং, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং এবং বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড।
দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর ওয়েবসাইটে বলা হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড ঘোষিত বোনাস লভ্যাংশের প্রস্তাব বাতিল করেছে বিএসইসি।
ভিএফএস থ্রেড ডাইং ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। কিন্তু নিয়ম অনুযায়ী বিএসইসির অনুমতি ছাড়া কোনো কোম্পানি বোনাস লভ্যাংশ বিতরণ করতে পারে না। বোনাস লভ্যাংশ ঘোষণা করে তা শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণের অনুমতি চেয়ে বিএসইসিতে আবেদন করে কোম্পানিটি। কিন্তু বিএসইসি তাদের বোনাস লভ্যাংশ প্রত্যাখ্যান করেছে।
এর আগের দিন সোমবার (২ জানুয়ারি) বিএসইসি পেপার প্রসেসিংয়ের ঘোষিত বোনাস লভ্যাংশের প্রস্তাব বাতিল করেছে। এই প্রতিষ্ঠানটিও ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।
এরপর বোনাস লভ্যাংশ ঘোষণা করে তা শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণের অনুমতি চেয়ে বিএসইসিতে আবেদন করে কোম্পানিটি। কিন্তু বিএসইসি বোনাস লভ্যাংশ প্রস্তাব বাতিল করেছে। তার আগের দিন রোববার (১ জানুয়ারি) বিএসইসি বাংলাদেশ মনোস্পুলের ১০ শতাংশ বোনাস লভ্যাংশের আবেদন বাতিল করেছে।
তবে একই সময়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এইচ আর টেক্সটাইলের ১০ শতাংশ বোনাস লভ্যাংশের প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছিল।
Posted ০৬:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন