নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০১ জুলাই ২০২৬ প্রিন্ট ১৪ বার পঠিত
রাজধানী ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য মেলা। তিন দিনব্যাপী এ আয়োজনে দেশি-বিদেশি প্রায় ২৫০টি ব্র্যান্ড, উদ্যোক্তা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় ক্রেতারা সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বিভিন্ন পণ্য ও সেবা কেনার সুযোগ পাবেন।
বুধবার (১ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ইভেন্টকমের উদ্যোগে আয়োজিত এ মেলায় সহযোগী হিসেবে রয়েছে ভ্যানটোরা কমিউনিকেশন্স লিমিটেড এবং জনসংযোগ অংশীদার হিসেবে রয়েছে ওপাস কমিউনিকেশন্স লিমিটেড।
সংবাদ সম্মেলনে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’-এর প্রকল্প পরিচালক ড. মো. তাসলিম আমিন শোভন, হেড অব অপারেশনস শফিকুল ইসলাম এবং উইমেন এম্পাওয়ারমেন্টের চিফ ফ্যাসিলিটেটর জিন্নাত আরা বারী উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কাসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের খ্যাতনামা ব্র্যান্ড ও প্রতিষ্ঠান অংশ নেবে।
মেলায় পোশাক, ফ্যাশন, ইলেকট্রনিক্স, গৃহস্থালি পণ্য, লাইফস্টাইল, স্বাস্থ্যসেবা, প্রযুক্তিপণ্যসহ বিভিন্ন খাতের পণ্যে বিশেষ মূল্যছাড় দেওয়া হবে। নিয়মিত ছাড়ের পাশাপাশি নির্বাচিত পণ্য ও সেবায় ফ্ল্যাশ সেল, সীমিত সময়ের বিশেষ অফার এবং এক্সক্লুসিভ ডিসকাউন্টও থাকবে।
আয়োজকদের মতে, দেশি-বিদেশি ব্র্যান্ডকে একই প্ল্যাটফর্মে এনে ক্রেতাদের জন্য আকর্ষণীয় মূল্যে মানসম্মত পণ্য কেনার সুযোগ সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে দেশের উদীয়মান ব্র্যান্ডগুলোর পরিচিতি বৃদ্ধি এবং কর্পোরেট প্রতিষ্ঠান ও ব্যবসায়িক অংশীজনদের মধ্যে নতুন বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতেও ভূমিকা রাখবে এই আয়োজন।
মেলায় অংশগ্রহণে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে। আগামী ১৬ জুলাইয়ের মধ্যে আর্লি বার্ড স্টল বুকিং সম্পন্ন করলে স্টল ভাড়ায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে প্রকল্প পরিচালক ড. মো. তাসলিম আমিন শোভন বলেন, এই আয়োজন দেশি-বিদেশি ব্র্যান্ড ও ক্রেতাদের মধ্যে কার্যকর সংযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হবে। এর মাধ্যমে দেশের খুচরা বাজার আরও গতিশীল হবে এবং ব্র্যান্ড ইকোসিস্টেম শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
হেড অব অপারেশনস শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশের রিটেইল খাতে এটি একটি নতুন উদ্যোগ। জনপ্রিয় দেশি ও আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য আকর্ষণীয় মূল্যে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো নতুন বাজার, নতুন গ্রাহক এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের সুযোগ পাবে।
নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ প্রসঙ্গে জিন্নাত আরা বারী বলেন, দেশের অনেক নারী উদ্যোক্তা মানসম্মত পণ্য উৎপাদন করলেও বৃহৎ পরিসরে বাজারে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পান না। এই আয়োজন তাদের জন্য সম্ভাব্য ক্রেতা, কর্পোরেট প্রতিষ্ঠান, পরিবেশক, ব্যবসায়িক অংশীদার এবং গণমাধ্যমের সামনে নিজেদের ব্র্যান্ড তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
আয়োজকরা জানান, ঢাকার আয়োজন সফল হলে প্রতিবছর নিয়মিতভাবে এ ডিসকাউন্ট ফেস্ট আয়োজন করা হবে। পাশাপাশি দেশের বিভাগীয় শহরগুলোতেও এ আয়োজন সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী আগামী বছর ১১-১৩ মার্চ চট্টগ্রাম, ১৩-১৫ মে রাজশাহী, ১০-১৩ জুন সিলেট এবং ৯-১১ সেপ্টেম্বর খুলনায় ডিসকাউন্ট ফেস্ট আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভবিষ্যতে দেশের বাইরেও এ আয়োজন সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা।
Posted ০৫:৫৭ অপরাহ্ণ | বুধবার, ০১ জুলাই ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com