নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৭ আগস্ট ২০২৬ প্রিন্ট ১৪ বার পঠিত
বাণিজ্য ঘাটতি দূর করতে বাংলাদেশ ও চীনের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ ও যৌথ বিনিয়োগের সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
সোমবার (১৭ আগস্ট, ২০২৬) বিকেলে এফবিসিসিআই -এর মতিঝিল কার্যালয়ে চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিটিআই) -এর একটি ব্যবসায়ি প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ কথা বলেন এফবিসিসিআই -এর প্রশাসক মোঃ ফজলুল হক।
সভায় স্বাগতিক বক্তব্যে এফবিসিসিআই প্রশাসক জানান, বিশ্বজুড়ে অন্যান্য দেশের মতো বাংলাদেশও চীন থেকে বিপুল পরিমাণের পণ্য আমদানি করে থাকে। বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ২০ বিলিয়ন ডলারের কাছাকাছি হলেও, সেখানে বিশাল বাণিজ্য ঘাটতিতে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে বছরে ১ বিলিয়ন ডলারেরও কম মূল্যের পণ্য রপ্তানি হয় দেশটিতে।
উভয় দেশের উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে দু’দেশের মধ্যে যৌথ বাণিজ্যের সম্ভাবনাময় খাতসমূহ খতিয়ে দেখার আহ্বান জানান মোঃ ফজলুল হক। তিনি বলেন, চীনা বাণিজ্য প্রতিনিধিদলের এই সফর কেবল বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ করবে না। বরং চীনের বাজারে বাংলাদেশী পণ্যের রপ্তানি সম্ভাবনাও বৃদ্ধি করবে। পাশাপাশি বাংলাদেশে ও চীনের মধ্যে বিনিয়োগ বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশে ব্যবসা পরিচালনায় চীনের উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা প্রদানে এফবিসিসিআই সক্রিয় থাকবে বলে ব্যবসায়ী প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন এফবিসিসিআই -এর প্রশাসক।
সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে- চীনের উদ্যোক্তাদের বাংলাদেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, মেডিকেল ডিভাইস ও এক্সেসরিজ, ঔষধ এবং এপিআই শিল্প, নবায়নযোগ্য জ্বালানি, পাট ও পাটজাত পণ্যসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে যৌথ বিনিয়োগের আহ্বান জানান বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ।
বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেন চীনের হংহে অঞ্চলের ব্যুরো অব কমার্সের ডিরেক্টর জনাব হে তাও। তিনি বলেন, আমাদের অন্যতম লক্ষ্য দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানির প্রক্রিয়াকে আরও সহজতর করা এবং ব্যবসা বাণিজ্যের নতুন সম্ভাবনাকে উন্মোচিত করা।
সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআই সাবেক পরিচালক আব্দুল হক, প্রীতি চক্রবর্তী, ওবায়দুর রহমান, এফবিসিসিআই -এর মহাসচিব মোঃ আলমগীর, এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মোঃ শাহিদুল্লাহ, এফবিসিসিআই -এর সাধারণ পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, সিসিপিটিআই এর প্রতিনিধি দলের অন্যান্য সদস্যবৃন্দ।
Posted ০৮:৪৭ অপরাহ্ণ | সোমবার, ১৭ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com