|

Advertisement
×
পর্ষদে টানাপড়েনের মধ্যে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ

উত্তরা ফাইন্যান্সে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬   প্রিন্ট   ৩৪ বার পঠিত

উত্তরা ফাইন্যান্সে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই)  লিমিটেডে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ করা পরিচালকদের মধ্যে তিনজন পদত্যাগ করার এক দিনের মাথায় প্রতিষ্ঠানটিতে প্রশাসক বসানো হলো।

মঙ্গলবার প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এর আগে সোমবার উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যানসহ তিন স্বতন্ত্র পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক পদত্যাগ করেন। পর্ষদে এ ধরনের অস্থিরতার পর প্রতিষ্ঠানটির কার্যক্রম স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় ব্যাংক প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, প্রশাসক এখন উত্তরা ফাইন্যান্সের কার্যক্রম দেখভাল করবেন। এরপর পরিস্থিতি বিবেচনা করে সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে আর্থিক অনিয়মের নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ফেব্রুয়ারিতে উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে বাংলাদেশ ব্যাংক। তখন বেসরকারি এনআরবিসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুখতার হোসেনকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান করা হয়।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক নিয়ামুল কবির ও রফিকুল ইসলামকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁদের সঙ্গে সোমবার ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি উল্লাহও পদত্যাগ করেন।

ফেব্রুয়ারিতে গঠিত নতুন পর্ষদের স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ শফিউল আজম এবং উত্তরা গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা মাহবুব আলম, যিনি পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন, তাঁরা এখনো পর্ষদে রয়েছেন।

এদিকে আর্থিক অনিয়মের অভিযোগে দীর্ঘদিন ধরে সংকটে থাকা উত্তরা ফাইন্যান্স এখনো ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করতে পারেনি। ফলে প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থা ও প্রকৃত পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারী ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ রয়েছে।

বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশে দীর্ঘসূত্রতার কারণে প্রতিষ্ঠানটির নিয়মিত বার্ষিক সাধারণ সভা আয়োজনও বাধাগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছে উত্তরা ফাইন্যান্স।

গত ১৩ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে দেওয়া এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। আদালতের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেলে পরবর্তী সময়ে বার্ষিক সাধারণ সভা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, উচ্চ আদালতের অনুমতি পাওয়া গেলে বিষয়টি বিনিয়োগকারীদের জানানো হবে। তবে এর মধ্যেই বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নিয়োগ প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও আর্থিক কার্যক্রমে নতুন মোড় তৈরি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপের ফলে উত্তরা ফাইন্যান্সের আর্থিক অনিয়ম, দীর্ঘদিনের অপ্রকাশিত আর্থিক প্রতিবেদন এবং পর্ষদের অস্থিরতার বিষয়গুলো আরও গুরুত্বের সঙ্গে পর্যালোচনার সুযোগ তৈরি হয়েছে। এখন প্রশাসকের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থা যাচাই এবং পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Facebook Comments Box

Posted ০৭:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com