নিজস্ব প্রতিবেদক
রবিবার, ৩০ আগস্ট ২০২৬ প্রিন্ট ১৫ বার পঠিত
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের স্পিকার কার্যালয়ে গিয়ে জোটের একটি প্রতিনিধিদল স্মারকলিপিটি হস্তান্তর করে।
এর আগে পদযাত্রা-পরবর্তী সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জুলাই যোদ্ধা ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন করা হচ্ছে।
গুম প্রতিরোধে জারি করা অধ্যাদেশ বাতিল করে তদন্তের দায়িত্ব পুনরায় পুলিশের কাছে দেওয়ার উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, গুমের ঘটনায় যারা অভিযুক্ত, তাদের হাতে তদন্তের দায়িত্ব দেওয়া গ্রহণযোগ্য নয়। তিনি অধ্যাদেশটি বহাল রাখার দাবি জানান।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গুম ও খুনের বিরুদ্ধে একটি সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল। জুলাই সনদে গুম প্রতিরোধে চূড়ান্ত রূপরেখা থাকলেও বর্তমান সরকার এ বিষয়ে একটি নামমাত্র কমিটি গঠনের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
স্মারকলিপি দেওয়ার পর আন্তর্জাতিক গুম প্রতিরোধ কমিটির যুগ্ম আহ্বায়ক ব্রিগেডিয়ার (অব.) হাসিনুর রহমান বলেন, স্পিকারের কাছে তাদের বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে এবং তিনি বিষয়গুলো নিয়ে সর্বাত্মক চেষ্টা করার আশ্বাস দিয়েছেন।
বিদ্যমান আইনি কাঠামোর সমালোচনা করে তিনি বলেন, বর্তমান ব্যবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীও তাঁর স্বামী গুম হওয়ার বিষয়টি প্রমাণ করতে পারবেন না। তিনি বলেন, দেশবাসীর ধৈর্যের সীমা শেষ হয়ে আসছে। আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
পদযাত্রা ও সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সংসদ সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করেন। শহীদ জাবের ইবরাহিমের মা রোকেয়া বেগম এমপি, এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি এবং জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এতে উপস্থিত ছিলেন।
পদযাত্রার আগে আয়োজিত কর্মসূচিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান, সাবেক কূটনীতিক সাকিব আলী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামসহ আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন।
এ ছাড়া বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসাইন মিয়াজীসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
Posted ০৮:০৭ অপরাহ্ণ | রবিবার, ৩০ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com