নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট ২১ বার পঠিত
দেশের মৌলভিত্তিসম্পন্ন ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির (ডাইরেক্ট লিস্টিং) জন্য আধুনিক, স্বচ্ছ ও কার্যকর একটি নিয়ন্ত্রক কাঠামো প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ডিরেক্ট লিস্টিং অব সিকিউরিটিজ বাই স্টক এক্সচেঞ্জ) রুলস, ২০২৬’-এর খসড়া অনুমোদন করেছে। খসড়াটি জনমতের জন্য প্রকাশও করা হয়েছে।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) কমিশনের আগারগাঁও কার্যালয়ে অংশীজনদের সঙ্গে বিএসইসির একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান সভাপতিত্ব করেন।
সভায় বিএসইসির কমিশনাররা, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালনাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) প্রতিনিধিরা, বিভিন্ন তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানি, মার্চেন্ট ব্যাংক, ইস্যু ম্যানেজার, পেশাজীবী সংগঠন এবং পুঁজিবাজারের অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।
সভায় ইউনিলিভার, মেটলাইফ, নেসলে বাংলাদেশ, বাংলালিংক, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বিকাশ, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস, এসেনসিয়াল ড্রাগস, সিমেডিয়া ফার্মাসিউটিক্যালস, নগদ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই), প্রাণ-আরএফএল গ্রুপ, টিবিএল গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, ইউনিক গ্রুপ, কাজী ফার্মস গ্রুপ, কনফিডেন্স গ্রুপ, কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসি, বিআরবি ক্যাবলস, এডিসন পাওয়ার, এডিসন ফুটওয়্যার, বোরাক রিয়েল এস্টেট, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি, সিলেট গ্যাস ফিল্ড লি., অনন্ত গ্রুপ, এমজেএল বাংলাদেশ, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, ওয়ালটন, এপিক রিসোর্সেস, ইমপ্রেস-নিউটেক কসমেটিকস ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড, ন্যাশনাল পলিমার, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং সেন্ট্রাল রিসিং সিস্টেমের শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন।
সভায় খসড়া ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ডিরেক্ট লিস্টিং অব সিকিউরিটিজ বাই স্টক এক্সচেঞ্জ) রুলস, ২০২৬’-এর ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। প্রেজেন্টেশনে সরাসরি তালিকাভুক্তির জন্য যোগ্যতার মানদণ্ড, আবেদন ও তালিকাভুক্তির শর্ত ও প্রক্রিয়া ইত্যাদি বিষয় তুলে ধরা হয়। সভায় অংশগ্রহণকারী পক্ষ থেকে খসড়া বিধিমালার বিভিন্ন বিধি ও প্রস্তাবিত ব্যবস্থার বিষয়ে তাদের মতামত, পর্যবেক্ষণ, পরামর্শ ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়। বিশেষ করে ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে প্রকৃত ও সক্ষম কোম্পানিকে পুঁজিবাজারে সম্পৃক্ত করার পাশাপাশি বিনিয়োগকারীদের স্বার্থ ও বাজারের শৃঙ্খলা নিশ্চিত করার বিষয়ে অংশীজনেরা বিভিন্ন মতামত দেন।
বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান বলেন, দেশের পুঁজিবাজারে মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির সংখ্যা এখনো পর্যাপ্ত নয়। এ অবস্থায় ভালো ও স্বনামধন্য ফ্যামিলি কোম্পানিগুলোকে ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে পুঁজিবাজারে সম্পৃক্ত করে বাজারের গভীরতা ও পরিধি বাড়াতে চায় কমিশন। এর ফলে পুঁজিবাজারে ভালো কোম্পানির অংশগ্রহণ বাড়ার পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার এবং বিদেশি বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের পথও সুগম হবে।
তালিকাভুক্তিতে আগ্রহী কোম্পানিগুলোর উদ্দেশ্যে বিএসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্তির মাধ্যমে একটি কোম্পানির সুনাম ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় এবং একটি শক্তিশালী করপোরেট ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়। একই সঙ্গে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে বিভিন্ন কর-সুবিধা, কোম্পানির মূলধন বৃদ্ধি এবং শেয়ারের তারল্য বৃদ্ধির সুযোগ তৈরি হয়। এতে কোম্পানির শেয়ারহোল্ডাররা তাদের শেয়ার লিকুইড করার সুযোগ বা সুবিধা পান। ভবিষ্যতে কোম্পানির সম্প্রসারণে অতিরিক্ত পুঁজির জোগান পেতেও এটি সহায়তা করবে।
তিনি আরও বলেন, ডাইরেক্ট লিস্টিংয়ের পাশাপাশি কমিশন আইপিও বিধিমালাকেও আরও বাস্তবসম্মত ও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে। এর মাধ্যমে কোম্পানিগুলো যাতে একই সঙ্গে বিদ্যমান শেয়ার অফলোড এবং নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে, অর্থাৎ একটি হাইব্রিড পদ্ধতিতে পুঁজিবাজারে আসতে পারে, সে বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। এতে ভালো ও যোগ্য কোম্পানিগুলোর পুঁজিবাজারে তালিকাভুক্তির সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং বাজারে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।
সভায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর শীর্ষ প্রতিনিধিদের কেউ কেউ ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে এবং কেউ কেউ একই সঙ্গে শেয়ার অফলোড ও আইপিওর মাধ্যমে অর্থাৎ হাইব্রিড পদ্ধতিতে পুঁজিবাজারে আসার আগ্রহ প্রকাশ করেন। সভায় অংশগ্রহণকারী পুঁজিবাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা সরাসরি তালিকাভুক্তির বিষয়ে কমিশনের উদ্যোগকে স্বাগত জানান এবং এ বিষয়ে কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা ও মতামত দেওয়ার আশ্বাস দেন।
Posted ০৮:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com