অনলাইন ডেস্ক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ প্রিন্ট ৪০ বার পঠিত
জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের সংসদীয় ভাইস মিনিস্টার ও স্টেট সেক্রেটারি ড. বারবেল কোফলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের (একেএসএমএল) কারখানা পরিদর্শন করেছে। এ সময় প্রতিষ্ঠানটির আধুনিক উৎপাদন প্রযুক্তি, পরিবেশবান্ধব শিল্পায়ন এবং নারীর ক্ষমতায়নে নেওয়া উদ্যোগের প্রশংসা করেন প্রতিনিধি দলের সদস্যরা।
আবুল খায়ের গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত সোমবার চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত কারখানায় প্রতিনিধি দলকে স্বাগত জানান একেএসএমএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান মোমিন। পরিদর্শনকালে কর্মকর্তারা প্রতিষ্ঠানটির উৎপাদন প্রযুক্তি, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন এবং পরিবেশ সুরক্ষায় নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
প্রতিনিধি দলে আরও ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ এবং জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজেড বাংলাদেশ, জার্মান উন্নয়ন ব্যাংক কেএফডব্লিউ ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) জ্যেষ্ঠ কর্মকর্তারা।
একেএসএমএল আধুনিক ইলেকট্রিক আর্ক ফার্নেস, উন্নত প্রকৌশল এবং উচ্চগতির রিবার রোলিং প্রযুক্তির সমন্বয়ে ইস্পাত উৎপাদন করে। প্রতিষ্ঠানটির দাবি, উচ্চ উৎপাদন সক্ষমতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের স্বীকৃতি হিসেবে সম্প্রতি একটি উৎপাদন সক্ষমতাসংক্রান্ত রেকর্ডের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অর্জন করেছে তারা।
পরিবেশ সুরক্ষায় প্রতিষ্ঠানটি সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, বায়ুদূষণ নিয়ন্ত্রণে ফিউম ট্রিটমেন্ট প্লান্ট ব্যবহার এবং ভূগর্ভস্থ পানির পরিবর্তে বৃষ্টির পানি পুনর্ব্যবহারের উদ্যোগ নিয়েছে। কারখানা পরিদর্শনের সময় এসব উদ্যোগের প্রশংসা করেন ড. বারবেল কোফলার। পাশাপাশি স্টিলশিল্পে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নে একেএসএমএলের পদক্ষেপেরও প্রশংসা করেন তিনি।
পরিদর্শনটি বাংলাদেশের শিল্প খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশগত দায়িত্বশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলার উদ্যোগকে তুলে ধরে।
Posted ১১:৫৫ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন