|

Advertisement
×
বিলিয়ন ডলারের ক্ষতির ঘটনা বেড়েছে, বিশ্বে ৫৫ শতাংশ অর্থনৈতিক ক্ষতি বীমার বাইরে

প্রাকৃতিক দুর্যোগে বীমাকৃত ক্ষতি ৯১ বিলিয়ন ডলার

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৫২ বার পঠিত

প্রাকৃতিক দুর্যোগে বীমাকৃত ক্ষতি ৯১ বিলিয়ন ডলার

প্রাকৃতিক দুর্যোগে ২০২৬ সালের প্রথম নয় মাসে বিশ্বজুড়ে বীমাকৃত ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৯১ বিলিয়ন ডলার। এ সময়ে অন্তত ১ বিলিয়ন ডলার বীমাকৃত ক্ষতি হয়েছে এমন দুর্যোগের সংখ্যা ২৩টি। দীর্ঘমেয়াদি গড়ের তুলনায় এ সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।

পুনর্বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এওনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত ২৯ অক্টোবর প্রকাশিত ‘গ্লোবাল ক্যাটাস্ট্রফি রিক্যাপ: থার্ড কোয়ার্টার ২০২৬’ প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বীমাকৃত ক্ষতি গত পাঁচ বছরের গড় ১৩৫ বিলিয়ন ডলারের তুলনায় কম। তবে একবিংশ শতাব্দীর গড় ৮৮ বিলিয়ন ডলারের চেয়ে বেশি।

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে প্রাকৃতিক দুর্যোগে বিশ্বজুড়ে মোট অর্থনৈতিক ক্ষতি হয়েছে প্রায় ২০৪ বিলিয়ন ডলার। এ ক্ষতি একবিংশ শতাব্দীর গড়ের তুলনায় ৩১ শতাংশ কম। ২০১৫ সালের পর প্রথম নয় মাসে এটিই সর্বনিম্ন অর্থনৈতিক ক্ষতি।

তবে মোট ক্ষতির পরিমাণ কমলেও বড় ধরনের দুর্যোগের সংখ্যা বেড়েছে। অন্তত ১ বিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতি হয়েছে এমন দুর্যোগের সংখ্যা ৪২টি। দীর্ঘমেয়াদি গড় ৩৭টির চেয়ে বেশি। অন্যদিকে, অন্তত ১ বিলিয়ন ডলার বীমাকৃত ক্ষতি হয়েছে এমন দুর্যোগের দীর্ঘমেয়াদি গড় ১৪টি হলেও এবার তা বেড়ে ২৩টিতে দাঁড়িয়েছে।

এওনের হিসাবে, বিশ্বে প্রাকৃতিক দুর্যোগে মোট অর্থনৈতিক ক্ষতির প্রায় ৫৫ শতাংশ বীমার আওতার বাইরে রয়েছে। তীব্র বজ্রঝড় ও সংশ্লিষ্ট আবহাওয়াজনিত দুর্যোগ অর্থনৈতিক ও বীমাকৃত—উভয় ধরনের ক্ষতির ক্ষেত্রে সবচেয়ে ব্যয়বহুল ছিল। বিশ্বব্যাপী বীমাকৃত ক্ষতির ৬২ শতাংশই হয়েছে যুক্তরাষ্ট্রে।

প্রতিবেদনে বলা হয়, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দুর্যোগজনিত ক্ষতি দীর্ঘমেয়াদি গড়ের চেয়ে কম ছিল। তবে দক্ষিণ আমেরিকার ভূমিকম্প এবং কানাডার একাধিক বড় দুর্যোগের কারণে আমেরিকা মহাদেশে ক্ষতির পরিমাণ বেড়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত ইউরোপের খরা সবচেয়ে বেশি বীমাকৃত ক্ষতির কারণ হয়েছে। এতে ক্ষতির পরিমাণ ৮ দশমিক ৫ বিলিয়ন ডলারের বেশি। অন্যদিকে, ২৪ জুন ভেনেজুয়েলায় ভূমিকম্পে অর্থনৈতিক ক্ষতি হয়েছে আনুমানিক ২৫ বিলিয়ন ডলার।

এওনের প্রতিবেদনে আরও বলা হয়, আটলান্টিক মহাসাগরে সেপ্টেম্বর পর্যন্ত কোনো হারিকেন সৃষ্টি হয়নি। ১৯৫০ সালের পর এমন ঘটনা ঘটেছে মাত্র চারবার। বিপরীতে, পূর্ব ও মধ্য প্রশান্ত মহাসাগরে আটটি শক্তিশালী হারিকেন সৃষ্টি হয়েছে, যার মধ্যে তিনটি ছিল ক্যাটাগরি-৫ মাত্রার।

কানাডায় বছরের প্রথম নয় মাসে বীমাকৃত ক্ষতির পরিমাণ ৩ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ২০০০ সালের পর এটি দেশটির চতুর্থ সর্বোচ্চ ক্ষতির সময়। বন্যা, ঝড় ও দাবানলের একাধিক ঘটনায় এ ক্ষতি হয়েছে।

এদিকে, ইউরোপে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত তীব্র তাপপ্রবাহ ও খরার প্রভাব দেখা গেছে। মহাদেশটির প্রায় ৩৭ শতাংশ এলাকায় দৈনিক, মাসিক অথবা মৌসুমি গড় তাপমাত্রার রেকর্ড হয়েছে। প্রায় ৫২ শতাংশ এলাকায় তীব্র তাপজনিত চাপ তৈরি হয়। এ সময়ে তাপপ্রবাহ-সম্পর্কিত মৃত্যুর সংখ্যা প্রায় ৪০ হাজার বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইউরোপে তাপপ্রবাহ ও খরায় মোট অর্থনৈতিক ক্ষতি ১৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এর মধ্যে ফ্রান্সে অর্থনৈতিক ক্ষতি হয়েছে প্রায় ৭ দশমিক ৫ বিলিয়ন ডলার এবং বীমাকৃত ক্ষতি ৫ বিলিয়ন ডলার। উভয় ক্ষেত্রেই দেশটির জন্য এটি রেকর্ড।

লাতিন আমেরিকার কলম্বিয়া ও ভেনেজুয়েলার ভূমিকম্প বীমা সুরক্ষার বৈষম্যও তুলে ধরেছে। ১০ আগস্ট কলম্বিয়ায় ভূমিকম্পে অর্থনৈতিক ক্ষতি হয়েছে আনুমানিক ৯ দশমিক ৬ বিলিয়ন ডলার। তবে দেশটির বিদ্যমান পুনর্বীমা কর্মসূচি ও বীমা কোম্পানিগুলোর মূলধন সক্ষমতার কারণে ক্ষতি সামাল দেওয়া সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ভেনেজুয়েলায় বীমার আওতা সীমিত এবং স্থানীয় বীমা বাজারের সক্ষমতা কম হওয়ায় জুনের ভূমিকম্পে ২৫ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতির তুলনায় বীমাকৃত ক্ষতির পরিমাণ খুবই কম হবে বলে ধারণা করা হচ্ছে।

এওনের পুনর্বীমা বিভাগের ক্যাটাস্ট্রফি ইনসাইট বিভাগের প্রধান মিখাল লোরিঙ্ক বলেন, বৈশ্বিক ক্ষতির পরিসংখ্যান অনেক সময় বিভিন্ন অঞ্চলের প্রকৃত ঝুঁকি ও ক্ষতির মাত্রা তুলে ধরে না। ভূমিকম্পের ঘটনাগুলো দেখিয়েছে, বীমার আওতা কম হলে আর্থিক ক্ষতির বড় অংশ পরিবার ও সরকারকে বহন করতে হয়।

এদিকে, পুনর্বীমা প্রতিষ্ঠান গ্যালাগার রি-এর পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম নয় মাসে প্রাকৃতিক দুর্যোগে বিশ্বজুড়ে অর্থনৈতিক ক্ষতি হয়েছে অন্তত ২৪২ বিলিয়ন ডলার। এর মধ্যে বীমাকৃত ক্ষতির পরিমাণ প্রায় ৯২ বিলিয়ন ডলার।

গত ২১ অক্টোবর প্রকাশিত প্রতিষ্ঠানটির ‘কিউ থ্রি ২০২৬ ন্যাচারাল ক্যাটাস্ট্রফি অ্যান্ড ক্লাইমেট রিপোর্ট’ অনুযায়ী, ২০১৫ সালের পর প্রথম তিন প্রান্তিকে অর্থনৈতিক ক্ষতি এবং ২০১৯ সালের পর বীমাকৃত ক্ষতির পরিমাণ ছিল সর্বনিম্ন।

গ্যালাগার রি বলছে, বড় ধরনের কোনো দুর্যোগ না ঘটায় সামগ্রিক ক্ষতির পরিমাণ তুলনামূলক কম ছিল। তবে দুর্যোগের সংখ্যা ছিল দীর্ঘমেয়াদি গড়ের কাছাকাছি। টানা ছয় প্রান্তিকে এমন কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটেনি, যাতে এককভাবে ১০ বিলিয়ন ডলারের বেশি বীমাকৃত ক্ষতি হয়েছে।

ক্ষতি তুলনামূলক কম হওয়ায় বীমা খাতের মুনাফা, মূলধন সক্ষমতা ও পুনর্বীমা বাজারের সক্ষমতা শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে ঘন ঘন ঝড়, দাবানল ও বন্যার কারণে বীমা দাবির চাপ অব্যাহত রয়েছে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি মূল্যস্ফীতি ও ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ বাড়ায় প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা অপরিবর্তিত থাকলেও বীমা দাবির ব্যয় বাড়ছে।#

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:০১ অপরাহ্ণ | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com