নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ প্রিন্ট ১১৯ বার পঠিত
বীমা খাতের সুশাসন নিশ্চিত করা, গ্রাহকের দাবি পরিশোধে জবাবদিহি বাড়ানো এবং দক্ষ আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট ও সংসদ সদস্য সাঈদ আহমেদ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভীন। বীমা খাতের সংস্কারে অংশীজনদের মতামত ও স্বার্থ বিবেচনার আহ্বান জানিয়েছেন বিআইএ সভাপতি। অন্যদিকে, পলিসিহোল্ডারদের অর্থের সুরক্ষায় যোগ্য ও স্বীকৃত পেশাদার প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) নিয়োগে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আইডিআরএ চেয়ারম্যান।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ আয়োজিত ‘একটি শক্তিশালী ও টেকসই বীমা খাত গঠনে আগামীর করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তাঁরা এসব কথা বলেন। আলোচনায় বীমা খাতের বর্তমান চ্যালেঞ্জ, গ্রাহকের স্বার্থ সুরক্ষা, আর্থিক ব্যবস্থাপনা, নিয়ন্ত্রক কাঠামো ও টেকসই উন্নয়নের বিভিন্ন দিক উঠে আসে।
বিআইএ সভাপতি সাঈদ আহমেদ বলেন, গ্রাহকদের অর্থ নিয়ে ছিনিমিনি সরকার মেনে নেবে না। তবে যেসব বীমা কোম্পানি নিয়মিত গ্রাহকদের দাবি পরিশোধ করছে, তাদের ইতিবাচক ভূমিকারও স্বীকৃতি দিতে হবে। শুধু নেতিবাচক দিক তুলে ধরে পুরো বীমা খাতের মূল্যায়ন করা ঠিক নয়।
তিনি বলেন, যেসব প্রতিষ্ঠান দাবি পরিশোধের ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করছে, তাদের উৎসাহিত করা প্রয়োজন। একই সঙ্গে অনৈতিক ব্যবসায়িক চর্চা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো প্রতিষ্ঠান অনিয়ম করলে ব্যবস্থা নিতে হবে। তবে কেন প্রতিষ্ঠানটি অনিয়মের পথে যাচ্ছে, সেটিও খুঁজে বের করা জরুরি।
সাঈদ আহমেদ বলেন, শুধু প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কথা চিন্তা না করে সমস্যার মূল কারণ চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া উচিত। কারণ, এ ধরনের সিদ্ধান্তের প্রভাব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপরও পড়ে। বাজারেও নেতিবাচক প্রভাব তৈরি হতে পারে। তাই সংস্কারের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার স্বার্থ বিবেচনায় নেওয়া প্রয়োজন।
বীমা খাতে প্রধান আর্থিক কর্মকর্তা নিয়োগের যোগ্যতা নির্ধারণের বিষয়ে তিনি বলেন, সিএফওর ক্ষেত্রে অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। তবে অন্য বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করা ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতাকেও অবমূল্যায়ন করা উচিত নয়। অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার সমন্বয়ে বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন।
বিআইএ সভাপতি আরও বলেন, বীমা ব্যবসায়ীদের মতামত ও স্বার্থ যথাযথভাবে বিবেচনায় না নিয়ে এ খাতের টেকসই উন্নয়ন সম্ভব নয়। নীতিনির্ধারণ ও সংস্কারের প্রতিটি পর্যায়ে বীমা কোম্পানি, নিয়ন্ত্রক সংস্থা, গ্রাহক, পেশাজীবীসহ সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করতে হবে।
অন্যদিকে, আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভীন বলেন, বীমা খাতের সুশাসন এবং পলিসিহোল্ডারদের হাজার হাজার কোটি টাকার তহবিল সুরক্ষায় দক্ষ ও স্বীকৃত পেশাদার সিএফও নিয়োগের বিকল্প নেই। শীর্ষস্থানীয় বীমা কোম্পানিগুলোর সঙ্গে অন্য কোম্পানিগুলোর অন্যতম পার্থক্য হলো দক্ষ ও স্বীকৃত পেশাদার সিএফও।
কোম্পানিগুলোর সিএফও নিয়োগে অনীহার সমালোচনা করে তিনি বলেন, বীমা কোম্পানিগুলো হাজার হাজার কোটি টাকা ব্যবস্থাপনা করলেও দক্ষ সিএফও নিয়োগের পেছনে বিনিয়োগ করতে চায় না। বিশেষ করে ছোট কোম্পানিগুলোর ব্যয় সাশ্রয়ের এই প্রবণতা শেষ পর্যন্ত বড় ক্ষতির কারণ হতে পারে।
কোম্পানিগুলোর উচিত অন্যান্য খাতের ব্যয় সমন্বয় করে হলেও দ্রুত দক্ষ ও স্বীকৃত পেশাদার সিএফও নিয়োগ দেওয়া। এতে আর্থিক ব্যবস্থাপনায় দ্রুত ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করেন তিনি।
নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন পর্যালোচনা সভায় অংশ নেওয়া কয়েকজন সিএফওর পেশাগত দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন আইডিআরএ চেয়ারম্যান। তিনি বলেন, অনেক সিএফও মৌলিক আর্থিক বিষয় সম্পর্কেও যথাযথ উত্তর দিতে পারেন না। এমনকি মূলধন ও বিনিয়োগের মতো মৌলিক ধারণার পার্থক্যও অনেকে বুঝতে পারেন না।
মীর নাদিয়া নিভীন আরও বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইডিআরএ স্বাধীনভাবে নিজস্ব দায়িত্ব পালন করবে। একইভাবে বীমা কোম্পানিগুলোকেও তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সংশ্লিষ্ট সবার সঙ্গে গঠনমূলক আলোচনা ও অংশীদারত্বকে স্বাগত জানালেও কেউ চাপ প্রয়োগ করে নিয়ন্ত্রক সংস্থাকে প্রভাবিত করার চেষ্টা করলে তা বরদাশত করা হবে না। এ ধরনের ‘রেগুলেটরি ক্যাপচার’ বা নিয়ন্ত্রক সংস্থাকে প্রভাবিত করার প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবিএম নুরুল হক। এতে শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, গবেষক, নীতিনির্ধারক, ব্যাংকার ও ব্যবসায়ীরা অংশ নেন।
Posted ০৬:৪৩ অপরাহ্ণ | শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন