নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৮৮ বার পঠিত
নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) স্বাধীনভাবে কাজ করবে। একই সঙ্গে বীমা কোম্পানিগুলোকেও নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। নিয়ন্ত্রক সংস্থার ওপর চাপ সৃষ্টি বা প্রভাব বিস্তারের চেষ্টা করা হলে তা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভীন।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। ‘টুয়ার্ডস আ স্ট্রংগার অ্যান্ড সাসটেইনেবল ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি: দ্য ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক এ আলোচনায় বীমা খাতের সুশাসন ও টেকসই উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
মীর নাদিয়া নিভীন বলেন, সংশ্লিষ্ট সবার সঙ্গে গঠনমূলক আলোচনা ও অংশীদারত্বে আইডিআরএর আগ্রহ রয়েছে। তবে কেউ যদি চাপ প্রয়োগ করে নিয়ন্ত্রক সংস্থাকে নিজের মতো পরিচালনার চেষ্টা করে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিয়ন্ত্রক সংস্থাকে প্রভাবিত করার এ ধরনের প্রচেষ্টা, যাকে ‘রেগুলেটরি ক্যাপচার’ বলা হয়, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বীমা খাতের সুশাসন নিশ্চিত করা এবং পলিসিহোল্ডারদের হাজার হাজার কোটি টাকার তহবিল সুরক্ষায় দক্ষ ও যোগ্য প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) নিয়োগের ওপরও গুরুত্ব দেন আইডিআরএ চেয়ারম্যান। তিনি বলেন, শীর্ষস্থানীয় বীমা কোম্পানিগুলোর সঙ্গে অন্য কোম্পানিগুলোর অন্যতম পার্থক্য হলো দক্ষ ও স্বীকৃত পেশাদার সিএফও।
বীমা কোম্পানিগুলোতে পেশাদার সিএফও নিয়োগের বিষয়ে অনীহার সমালোচনা করে তিনি বলেন, কোম্পানিগুলো হাজার হাজার কোটি টাকার তহবিল পরিচালনা করলেও সিএফও নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় বিনিয়োগ করতে চায় না। বিশেষ করে ছোট কোম্পানিগুলোর ব্যয় সাশ্রয়ের এ মানসিকতা শেষ পর্যন্ত বড় ক্ষতির কারণ হতে পারে।
কোম্পানিগুলোর উচিত অন্যান্য খাতের ব্যয় সমন্বয় করে হলেও দ্রুত দক্ষ ও স্বীকৃত পেশাদার সিএফও নিয়োগ দেওয়া। এতে আর্থিক ব্যবস্থাপনায় দ্রুত পরিবর্তন আসবে বলে মনে করেন তিনি।
নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন পর্যালোচনা সভায় অংশ নেওয়া কয়েকজন সিএফওর পেশাগত দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন আইডিআরএ চেয়ারম্যান। তিনি বলেন, অনেক সিএফও মৌলিক আর্থিক বিষয় সম্পর্কেও যথাযথ উত্তর দিতে পারেন না। এমনকি মূলধন ও বিনিয়োগের মতো মৌলিক ধারণার পার্থক্যও অনেকে বুঝতে পারেন না।
তিনি বলেন, যোগ্য হিসাবরক্ষক ও পেশাদার আর্থিক কর্মকর্তা ছাড়া পলিসিহোল্ডারদের বিপুল অর্থ যথাযথভাবে পরিচালনা করা সম্ভব নয়। কোনো নিয়ন্ত্রক সংস্থা বা সরকারের পক্ষেই এমন পরিস্থিতি মেনে নেওয়া উচিত নয়।
বীমা কোম্পানিগুলোকে স্বীকৃত পেশাদার আর্থিক বিশেষজ্ঞদের মাধ্যমে সিএফও পদ পূরণের নির্দেশনা দিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে কোনো আপস করা হবে না।
গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবিএম নুরুল হক। এতে শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, গবেষক, নীতিনির্ধারক, ব্যাংকার ও ব্যবসায়ীরা অংশ নেন।
Posted ০৬:৩৬ অপরাহ্ণ | শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন