নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৩৭ বার পঠিত
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে যমুনা নদীর তীরবর্তী চার জেলার এক লাখ মানুষকে পরীক্ষামূলকভাবে প্যারামেট্রিক ইন্স্যুরেন্সের আওতায় এনেছে সরকার। জেলাগুলো হলো সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা ও জামালপুর। নির্ধারিত সূচক অনুযায়ী বড় ধরনের বন্যা হলে বীমার আওতাভুক্ত ব্যক্তিরা আর্থিক সহায়তা পাবেন।
তবে প্রথম বছর নির্ধারিত সূচক অনুযায়ী বড় ধরনের বন্যা না হওয়ায় বিমার শর্ত পূরণ হয়নি। ফলে কোনো উপকারভোগীকে বীমার অর্থ দেওয়া সম্ভব হয়নি। দ্বিতীয় বছরের জন্য নতুন করে বীমা পণ্য নকশার কাজ চলছে।
মঙ্গলবার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয়ে বীমা খাতের সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য জানানো হয়। ‘শিখন ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা: দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও প্যারামেট্রিক ইন্স্যুরেন্স শীর্ষক এ কর্মশালায় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হন। দুর্যোগ মোকাবিলায় এত দিন মূলত ত্রাণ, উদ্ধার, জরুরি সাড়াদান ও পুনর্বাসন কার্যক্রমের ওপর নির্ভর করা হয়েছে। তবে এসব কার্যক্রমের পাশাপাশি দুর্যোগের আর্থিক ঝুঁকি মোকাবিলায় বিকল্প অর্থায়নব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন কর্মশালার বক্তারা।
একজন বক্তা বলেন, ‘দুর্যোগ ঝুঁকি অর্থায়ন এবং প্যারামেট্রিক ইন্স্যুরেন্সে দুটিই আমাদের জন্য অনেকটা নতুন। এই ধারণা সবার মধ্যে ছড়িয়ে দিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা নিজেরাও বিষয়টি শিখছি। একই সঙ্গে আমাদের অর্জিত অভিজ্ঞতা ও কার্যক্রম গণমাধ্যমের সঙ্গে ভাগাভাগি করতে চাই।’
যেভাবে কাজ করবে বীমা
প্যারামেট্রিক ইন্স্যুরেন্সে নির্দিষ্ট কিছু সূচক বা প্যারামিটারের ভিত্তিতে বিমার সুবিধা দেওয়া হয়। প্রচলিত বীমার মতো প্রতিটি উপকারভোগীর ক্ষয়ক্ষতি আলাদাভাবে নিরূপণের পরিবর্তে আগে থেকে নির্ধারিত সূচক অনুযায়ী দুর্যোগের পরিস্থিতি বিবেচনা করা হয়। নির্ধারিত সূচক পূরণ হলে বীমার শর্ত অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়ার সুযোগ তৈরি হয়।
প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, যমুনা নদীর পানি বেড়ে গেলে তীরবর্তী চার জেলার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হন। তাঁদের ক্ষয়ক্ষতি মোকাবিলায় আর্থিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যেই এ বিমা কার্যক্রম নেওয়া হয়েছে।
যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের তৃতীয় অংশের আওতায় বাস্তবায়িত হচ্ছে দুর্যোগ ঝুঁকি অর্থায়ন কার্যক্রম। সরকারি প্রকল্প হওয়ায় এ বিমার ইনস্যুরার হিসেবে দায়িত্ব পালন করছে সাধারণ বীমা করপোরেশন।
প্রকল্প পরিচালকের তথ্য অনুযায়ী, প্রথম বছরে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বন্যা মৌসুম বিবেচনায় চার জেলার এক লাখ উপকারভোগীকে বিমার আওতায় আনা হয়েছিল। কিন্তু নির্ধারিত প্যারামিটার অনুযায়ী বড় ধরনের বন্যা না হওয়ায় বিমা পণ্যটি কার্যকর হয়নি।
প্রকল্প পরিচালক বলেন, ‘এ বছর আমাদের যে প্যারামিটার ছিল, সেই অনুযায়ী বন্যা হলে তাঁরা বীমা থেকে সুবিধা পেতেন। কিন্তু বড় ধরনের বন্যা হয়নি। ফলে আমাদের ইন্স্যুরেন্সে প্রোডাক্টটি ট্রিগার করেনি। প্রকল্পের আরও দুই বছর বাকি রয়েছে। এ সময়ে নির্ধারিত প্যারামিটার অনুযায়ী বড় ধরনের বন্যা হলে বীমার আওতাভুক্ত উপকারভোগীরা আর্থিক সহায়তা পাবেন। দ্বিতীয় বছরের জন্য নতুন করে বীমা পণ্য ডিজাইনের কাজও চলমান রয়েছে।’
প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যমুনা তীরবর্তী চার জেলার বিপুলসংখ্যক মানুষ বন্যার ঝুঁকিতে থাকলেও সীমিত সম্পদের কারণে প্রাথমিকভাবে এক লাখ মানুষকে বীমার আওতায় আনা হয়েছে। দীর্ঘ মেয়াদে এ উদ্যোগ টেকসই করতে উপকারভোগীর সংখ্যা ও ভৌগোলিক পরিধি বাড়ানো প্রয়োজন।
প্রকল্প পরিচালক বলেন, ‘কেবল এক লাখ মানুষকে বীমার আওতায় নিয়ে এ ধরনের প্রোডাক্ট টেকসই করা সম্ভব হবে না। আমাদের এর পরিধি বাড়াতে হবে। উপকারভোগীর সংখ্যা ও এলাকা দুই দিক থেকেই কাভারেজ বাড়ানো প্রয়োজন।’
ভবিষ্যতে যমুনা নদী অববাহিকার আরও এলাকা এবং প্রয়োজনে দেশের অন্যান্য দুর্যোগপ্রবণ অঞ্চলেও এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এ জন্য জনসচেতনতা ও প্রচারণার ওপর গুরুত্ব দিয়েছেন প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, কারা বীমার আওতায় আসবেন, কীভাবে বীমার সুবিধা পাওয়া যাবে এবং কোন পরিস্থিতিতে আর্থিক সহায়তা দেওয়া হবে-এসব বিষয়ে সাধারণ মানুষের মধ্যে স্পষ্ট ধারণা তৈরি করা প্রয়োজন। এ ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কর্মশালায় প্যারামেট্রিক ইন্স্যুরেন্সের কারিগরি বিষয়, কার্যপদ্ধতি, উপকারভোগী নির্বাচন এবং আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।
Posted ০৮:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন