|

Advertisement
×

বন্ডের অর্থ কোথায় ব্যয় হচ্ছে, জানতে চান বিএসইসি চেয়ারম্যান

রবিবার, ২৯ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৪৭ বার পঠিত

বন্ডের অর্থ কোথায় ব্যয় হচ্ছে, জানতে চান বিএসইসি চেয়ারম্যান

অরেঞ্জ বন্ড থেকে সংগৃহীত অর্থ নির্ধারিত খাতে ব্যয় হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। একই সঙ্গে এসব বিনিয়োগের সামাজিক ও পরিবেশগত প্রভাব পরিমাপ করে তা প্রকাশের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। দেশের বন্ডবাজার গতিশীল করতে থিমেটিক বন্ডের লেনদেন বিকল্প ট্রেডিং বোর্ডের (এটিবি) পরিবর্তে মূল বোর্ডে নিয়ে আসার উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

রোববার রাজধানীর নিকুঞ্জে ডিএসই মাল্টিপারপাস হলে দেশের প্রথম অরেঞ্জ বন্ড ‘সাজেদা অরেঞ্জ বন্ড’-এর রিং দ্য বেল ও ক্লোজিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ খান বলেন, অরেঞ্জ বন্ডের মূল লক্ষ্য আর্থিক মুনাফা অর্জনের পাশাপাশি সমাজ ও পরিবেশে ইতিবাচক প্রভাব তৈরি করা। তবে অনেক সময় আর্থিক লাভের বিষয়টি সামাজিক কল্যাণের উদ্দেশ্যকে ছাপিয়ে যায়। এ ধরনের ঝুঁকি এড়াতে বন্ড ইস্যুর সময় নির্ধারিত লক্ষ্য অনুযায়ী অর্থ ব্যয় নিশ্চিত করতে হবে। পরিবেশ বা সামাজিক উন্নয়নের নামে অতিরঞ্জিত দাবি করাকে গ্রিনওয়াশিং বলা হয়। তাই বন্ডের অর্থ কীভাবে ব্যয় হচ্ছে, সে বিষয়ে যথাযথ প্রতিবেদন প্রকাশ করতে হবে। পাশাপাশি নির্ধারিত লক্ষ্য কতটা অর্জিত হয়েছে, তা পরিমাপ করে জানাতে হবে।

অরেঞ্জ বন্ডের সামাজিক গুরুত্ব তুলে ধরে বিএসইসি চেয়ারম্যান বলেন, দেশের কর্মশক্তির প্রায় ৫০ শতাংশ নারী। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। অরেঞ্জ বন্ডের মতো উদ্যোগ নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখতে পারে।

দেশের পুঁজিবাজারের উন্নয়নে শেয়ারবাজারের পাশাপাশি বন্ডবাজারকেও সক্রিয় করতে হবে বলে মন্তব্য করেন মাসুদ খান। তিনি বলেন, বাংলাদেশে বন্ডের লেনদেন এখনো খুব সীমিত। অথচ উন্নত দেশগুলোর পুঁজিবাজারে শেয়ার, বন্ড ও স্থির আয়ের বিভিন্ন আর্থিক পণ্য সমন্বিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মাসুদ খান জানান, আগে বিকল্প ট্রেডিং বোর্ডে (এটিবি) বন্ড লেনদেনের ওপর গুরুত্ব দেওয়া হলেও এখন মূল বোর্ডে লেনদেনের বিষয়ে জোর দেওয়া হচ্ছে। নতুন বন্ডগুলোকে মূল বোর্ডে লেনদেনের উপযোগী করে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগে মূল বোর্ডে তালিকাভুক্তির ক্ষেত্রে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ফি একটি প্রতিবন্ধকতা ছিল। এখন এ বিষয়ে উৎসাহ দেওয়া হচ্ছে।

ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস, ঢাকা স্টক এক্সচেঞ্জ, সাজেদা ফাউন্ডেশন ও ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ (আইআইএক্স) যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। এতে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. নাজনীন, সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী পরিচালক জাহিদা ফিজ্জা কবির, ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হোসেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৯:০৩ অপরাহ্ণ | রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com