নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৪৮ বার পঠিত
সন্তান লালন-পালনের পাশাপাশি বয়স্ক মা-বাবা বা স্বজনদের দেখাশোনার দায়িত্ব পালন করতে গিয়ে আর্থিক চাপে পড়ছেন এশিয়ার মধ্যবয়সী জনগোষ্ঠীর একটি বড় অংশ। এ জনগোষ্ঠীর জীবন ও স্বাস্থ্যবীমা থাকার হার সাধারণ মানুষের তুলনায় বেশি। তবে পারিবারিক পরিচর্যার দায়িত্ব তাঁদের অবসরকালীন সঞ্চয় ও ব্যক্তিগত আর্থিক পরিকল্পনায় নেতিবাচক প্রভাব ফেলছে।
এ জনগোষ্ঠীকে বলা হয় ‘স্যান্ডউইচ জেনারেশন’। সান লাইফ এশিয়ার ‘স্যান্ডউইচ জেনারেশন ইন ফোকাস’ শীর্ষক এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, সন্তান লালন-পালনের পাশাপাশি বয়স্ক মা-বাবা বা স্বজনদের সহায়তা করেন-এমন ব্যক্তিদের ৬৭ শতাংশের জীবনবীমা রয়েছে। অন্যদের ক্ষেত্রে এ হার ৪৪ শতাংশ। একইভাবে স্যান্ডউইচ জেনারেশনের ৭৪ শতাংশের স্বাস্থ্যবীমা রয়েছে, যেখানে অন্যদের ক্ষেত্রে এ হার ৫১ শতাংশ।
এ জনগোষ্ঠীর অর্ধেকের বেশি পরিবারের অন্তত ছয় মাসের ব্যয় নির্বাহের মতো জরুরি সঞ্চয় রেখেছেন। অন্যদের মধ্যে এ হার প্রায় এক-তৃতীয়াংশ।
তবে তুলনামূলক বেশি আর্থিক সুরক্ষা থাকা সত্ত্বেও পারিবারিক দায়িত্ব সামলাতে গিয়ে তাঁদের আর্থিক পরিকল্পনা ব্যাহত হচ্ছে। স্যান্ডউইচ জেনারেশনের ২৯ শতাংশ জানিয়েছেন, পারিবারিক দায়িত্ব তাঁদের আর্থিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথে বাধা। অন্যদের মধ্যে এ হার ১৮ শতাংশ। এ ছাড়া প্রায় এক-চতুর্থাংশ কর্মক্ষেত্রের দায়িত্বকেও আর্থিক লক্ষ্য অর্জনের প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করেছেন।
অবসর সঞ্চয়ে নেতিবাচক প্রভাব:
পারিবারিক দায়িত্বের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে অবসরকালীন আর্থিক প্রস্তুতিতে। প্রতিবেদন অনুযায়ী, ৪০ শতাংশ উত্তরদাতার অবসর পরিকল্পনায় পারিবারিক দায়িত্ব বাধা হয়ে দাঁড়িয়েছে। পরিচর্যার দায়িত্ব পালনের কারণে ২৮ শতাংশ তাঁদের অবসরকালীন সঞ্চয় বন্ধ করেছেন অথবা কমিয়ে দিয়েছেন। আরও ২৬ শতাংশ প্রত্যাশিত অবসরের বয়স পিছিয়ে দিয়েছেন।
বয়স্ক নির্ভরশীল সদস্য রয়েছেন-এমন উত্তরদাতাদের ৫৯ শতাংশ মনে করেন, অবসরে যাওয়ার পরও তাঁদের পরিবারের বয়স্ক সদস্যদের আর্থিক সহায়তা দিতে হবে।
অন্যদিকে, সঞ্চয় ও বিনিয়োগে স্যান্ডউইচ জেনারেশন তুলনামূলকভাবে সক্রিয়। গত এক বছরে এ জনগোষ্ঠীর ৬৭ শতাংশ সঞ্চয় বাড়িয়েছেন। অন্যদের ক্ষেত্রে এ হার ৫৭ শতাংশ। নিয়মিত বিনিয়োগ করেন স্যান্ডউইচ জেনারেশনের ৫২ শতাংশ, যেখানে অন্যদের মধ্যে এ হার ৩৮ শতাংশ।
তবে বাড়তি পারিবারিক ব্যয় তাঁদের বাজেটে চাপ তৈরি করছে। ২৮ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, সন্তানের শিক্ষাব্যয় তাঁদের আর্থিক অবস্থার ওপর বড় প্রভাব ফেলেছে। আর গত ছয় মাসে যেসব পারিবারিক ব্যয় সবচেয়ে বেশি বেড়েছে, তার মধ্যে শিশু পরিচর্যার ব্যয়ের কথা বলেছেন ১৮ শতাংশ।
নারীদের আর্থিক চাপ আরও বেশি:
প্রতিবেদনে স্যান্ডউইচ জেনারেশনের নারীদের ওপর বাড়তি দায়িত্বের বিষয়টিও উঠে এসেছে। সন্তানদের স্বাস্থ্যসেবা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে ৮৯ শতাংশ নারী এককভাবে অথবা যৌথভাবে দায়িত্ব পালন করেন। অন্য নারীদের ক্ষেত্রে এ হার ৬১ শতাংশ।
বয়স্ক স্বজনদের স্বাস্থ্যসেবার সিদ্ধান্ত গ্রহণেও স্যান্ডউইচ জেনারেশনের ৯৩ শতাংশ নারী যুক্ত, যেখানে অন্যদের ক্ষেত্রে এ হার ৫৯ শতাংশ।
এ দায়িত্বের প্রভাব পড়ছে তাঁদের নিজস্ব আর্থিক পরিকল্পনায়ও। স্যান্ডউইচ জেনারেশনের ৩৬ শতাংশ নারী অবসরকালীন সঞ্চয় পিছিয়ে দিয়েছেন। অন্য নারীদের ক্ষেত্রে এ হার ৩১ শতাংশ। বিনিয়োগের সুযোগ সীমিত করেছেন ৩৭ শতাংশ, যেখানে অন্যদের ক্ষেত্রে এ হার ২৮ শতাংশ। এ ছাড়া ২৬ শতাংশ নারী ঋণ নিয়েছেন বা ঋণের বোঝা বাড়িয়েছেন। অন্যদের মধ্যে এ হার ১৮ শতাংশ।
সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, পরিচর্যার ব্যয় মেটাতে স্যান্ডউইচ জেনারেশনের ৭৯ শতাংশ নারী নিজেদের কোনো না কোনো ধরনের চিকিৎসা নেওয়া থেকে বিরত থেকেছেন। অন্য নারীদের মধ্যে এ হার ৫৫ শতাংশ।
আর্থিক সচেতনতায় সান লাইফের উদ্যোগ:
প্রতিবেদনের ফলাফলের পরিপ্রেক্ষিতে সান লাইফ এশিয়া ‘লাইটার উইথ সান লাইফ’ নামে বিনা মূল্যের একটি ডিজিটাল আর্থিক শিক্ষা কার্যক্রম চালু করেছে।
এতে দৈনন্দিন অর্থ ব্যবস্থাপনা, আর্থিক অগ্রাধিকার নির্ধারণ, বীমা সুরক্ষা, পারিবারিক চাহিদার মধ্যে ভারসাম্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত শিক্ষামূলক পাঠ রয়েছে। এর মাধ্যমে মানুষকে নিজেদের আর্থিক অগ্রাধিকার বুঝতে ও ভবিষ্যৎ পরিকল্পনায় সচেতন করতে চায় প্রতিষ্ঠানটি।#
Posted ০৮:৪০ অপরাহ্ণ | রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন