|

Advertisement
×

প্রথমবারের মতো ইউএনও সম্মেলন হচ্ছে ১ ডিসেম্বর

রবিবার, ২৯ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৫৪ বার পঠিত

প্রথমবারের মতো ইউএনও সম্মেলন হচ্ছে ১ ডিসেম্বর

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১ ডিসেম্বর রাজধানীতে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

‘প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ’ শীর্ষক এ সম্মেলনে দেশের ৫০৩ জন ইউএনও এবং আটজন বিভাগীয় কমিশনার অংশ নেবেন।

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সম্মেলনের মূল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

উপজেলা পর্যায়ে মাঠ প্রশাসনকে আরও সক্রিয়, জবাবদিহিমূলক ও জনবান্ধব করে তোলা এবং সরকারের নীতি ও অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নে ইউএনওদের ভূমিকা আরও শক্তিশালী করাই এ সম্মেলনের মূল লক্ষ্য।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ষিক ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয়ে এলেও শুধু ইউএনওদের নিয়ে জাতীয় পর্যায়ে এ ধরনের সম্মেলন এবারই প্রথম আয়োজন করা হচ্ছে।

উপজেলা পর্যায়ে সরকারের প্রশাসনিক কার্যক্রম তদারকি, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইউএনওরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এ সম্মেলনের মাধ্যমে সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। এতে সরকারের অগ্রাধিকার ও বাস্তবায়নসংক্রান্ত নির্দেশনা মাঠপর্যায়ে পৌঁছে দেওয়ার পাশাপাশি উপজেলা পর্যায়ের প্রশাসনিক বাস্তবতা, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরাসরি ধারণা নিতে পারবেন নীতিনির্ধারকরা।

সকাল ৯টায় মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি উদ্বোধনী অধিবেশনের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু করবেন। এরপর বিভিন্ন মন্ত্রণালয়ের অংশগ্রহণে কর্ম-অধিবেশন চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এসব অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা ও সচিবরা ইউএনওদের সঙ্গে উপজেলা পর্যায়ের উন্নয়ন কর্মসূচি, প্রশাসনিক কার্যক্রম এবং জনসেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

কর্ম-অধিবেশনে মাঠ প্রশাসনের বিভিন্ন চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সমস্যা নিয়েও আলোচনা হবে। আলোচ্যসূচিতে রয়েছে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি।

উপজেলা পর্যায়ে সরকারের বিভিন্ন উদ্যোগের অগ্রগতি, সেগুলো বাস্তবায়নে প্রতিবন্ধকতা এবং সম্ভাব্য সমাধান নিয়েও আলোচনা হবে।

কর্ম-অধিবেশনে স্থানীয় সরকার বিভাগ এবং জনপ্রশাসন, কৃষি, স্বরাষ্ট্র, ভূমি, পানিসম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্বাস্থ্য, সমাজকল্যাণ এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন।

এসব অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নীতিনির্ধারকরা তাঁদের কর্মসূচি ও নীতি বাস্তবায়নে ইউএনওদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। একই সঙ্গে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও বাস্তব সমস্যার কথাও শুনবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী ও ইউএনওদের সরাসরি মতবিনিময়ের মধ্য দিয়ে সম্মেলনের মূল অধিবেশন শুরু হবে। এতে মাঠ প্রশাসনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে একটি ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

এ ছাড়া দিনব্যাপী কর্ম-অধিবেশনের আলোচনার সারসংক্ষেপ উপস্থাপন করা হবে। এরপর প্রধানমন্ত্রী ও ইউএনওদের মধ্যে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।

এ সময় মাঠপর্যায়ের কর্মকর্তারা তাঁদের কর্ম-অভিজ্ঞতা, প্রশাসনিক চ্যালেঞ্জ, জনসেবা দিতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতা এবং উপজেলা পর্যায়ে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের বাস্তব চিত্র প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার সুযোগ পাবেন।

সম্মেলনে দেশের আটটি প্রশাসনিক বিভাগের নির্বাচিত ২০ জন সেরা ইউএনওকে সম্মাননা দেওয়া হবে। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে চারজন, চট্টগ্রাম বিভাগ থেকে চারজন এবং বাকি ছয়টি বিভাগ থেকে দুজন করে ইউএনও নির্বাচিত হয়েছেন।

প্রধানমন্ত্রী নিজ হাতে নির্বাচিত কর্মকর্তাদের সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেবেন। পাশাপাশি প্রতিটি বিভাগ থেকে দুজন করে ইউএনও প্রধানমন্ত্রীর সঙ্গে উন্মুক্ত আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির বলেন, মূলত প্রধানমন্ত্রী ও ইউএনওদের মধ্যে নির্বাহী সংলাপের উদ্দেশ্যেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে মাঠপর্যায়ের কর্মকর্তারা সরকারের অগ্রাধিকার সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা লাভ করবেন। একই সঙ্গে উপজেলা পর্যায়ের প্রশাসনিক বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন নীতিনির্ধারকরা।

এ উদ্যোগের ফলে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে নতুন গতি আসবে, প্রশাসনিক জবাবদিহি বাড়বে এবং তৃণমূল পর্যায়ে সরকারি সেবার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:৪৮ অপরাহ্ণ | রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com