নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৮ জুন ২০২৫ প্রিন্ট ২৩৭ বার পঠিত
প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটকে সংস্কারবিমুখ ও সাম্যবিরোধী বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
বুধবার (১৮ জুন) রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে সিটিজেন প্ল্যাটফর্ম ফর এসডিজি আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৫-২৬ অবহেলিতরা কী পেয়েছে’ শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এ বাজেটে ভুল-ভ্রান্তি আছে। এ বাজেট সংস্কারবিমুখ। বাজেটের ভেতর দিয়ে সংস্কারের ধারণা চেতনা আমরা সামনে এনেছিলাম। এ সরকার নিজে আমাদের দিয়ে যেই কাজগুলো করিয়েছিল সেগুলোর প্রতি তারা বিশ্বস্ত থাকেনি। এ বাজেট সাম্যবিরোধী হয়েছে।
তিনি বলেন, এটি অত্যন্ত একটা বড় প্রত্যাশার বাজেট ছিল। একটি বড় ধরনের রাজনৈতিক অভ্যুত্থানের ভেতর দিয়ে সরকার এসেছে। বৈষম্যবিরোধী চেতনার ভেতর দিয়ে সরকার গঠন করা হয়েছে। এটা গতানুগতিক বাজেট থেকে ভিন্ন কিছু ছিল এরকম বড় প্রত্যাশা ছিল। এর বিপরীতে বলা যায় এটা অনেক ক্ষেত্রেই হতাশার বাজেটে পরিণত হয়েছে। প্রত্যাশার সাথে সাথে হতাশা এসেছে। কারণ আমাদের আকাঙ্ক্ষা ভিন্ন ছিল, আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই বাজেট গতানুগতিক হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, অন্তর্বর্তী সরকার অস্থায়ী একটা সরকার। এর কাছ থেকে খুব বেশি কিছু আশা করা ঠিক নয়। কিন্তু যেহেতু গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার এসেছে সে জন্য কিছু পরিবর্তনের সূচনা এ সরকারের মাধ্যমে হবে, এটাই প্রত্যাশা ছিল। সেটার একটা প্রতিফলন আমরা বাজেটে আশা করেছিলাম।
সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা সংকুচিত করা হয়েছে। ফলে একদিক সংশ্লিষ্ট বছরের জন্য বাজেটকে ক্ষতিগ্রস্ত করবে, পাশাপাশি আগামী বছরের জন্যও ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
আইসিএমএবির সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ক্যাপিটাল মার্কেট একেবারে শেষ হয়ে গেছে। সরকার বাজেটে ক্যাপিটাল মার্কেটের জন্য কিছু করেনি।
তৃতীয় লিঙ্গের প্রতিনিধি সঞ্জিবনী সুধা বলেন, বাজেটে বরাদ্দ থাকে কিন্তু বাস্তবায়ন হয় না। ফলে তৃতীয় লিঙ্গের জীবন মানের উন্নতি হয় না, কর্মসংস্থান হয় না। ফলে আয় নেই।
Posted ০৫:১০ অপরাহ্ণ | বুধবার, ১৮ জুন ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com