রবিবার ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x
পপুলার লাইফের ২৫ বছর পূর্তি উৎসবে আমির খসরু

বিগত সরকার দলীয় বিবেচনায় ব্যাংক -বীমার অনুমোদন দিয়েছে

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫   প্রিন্ট   ২৩৫ বার পঠিত

বিগত সরকার দলীয় বিবেচনায় ব্যাংক -বীমার অনুমোদন দিয়েছে

স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো আর্থিক প্রতিষ্ঠান টিকে থাকতে পারে না-এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সের স্বপ্নদ্রষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ২৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) বি এম ইউসুফ আলী।

প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু বলেন, “একটি আর্থিক প্রতিষ্ঠানের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা শুধু নৈতিকতার প্রশ্ন নয়, এটি টিকে থাকা ও টেকসই সফলতার মূল ভিত্তি।” তিনি বলেন, যেসব প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ শাসনব্যবস্থা শক্তিশালী ও জবাবদিহিতা নিশ্চিত থাকে, তারা যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হয়।
পপুলার লাইফের ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, পেশাদারিত্ব ও গ্রাহকের স্বার্থকে প্রাধান্য দেওয়ার ধারাবাহিকতা প্রতিষ্ঠানটিকে দেশের শীর্ষ বীমা কোম্পানিগুলোর কাতারে পৌঁছে দিয়েছে।

বীমা খাতের সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “এখনও দেশের কিছু বীমা কোম্পানি গ্রাহকের দাবি সময়মতো পরিশোধ করতে পারছে না, যা মানুষের আস্থা নষ্ট করে। অথচ বীমার মূল শক্তিই হলো নির্ভরযোগ্যতা।” তিনি বলেন, বীমা খাতের উন্নয়নে শক্তিশালী রেগুলেটরি সংস্কার প্রয়োজন, যাতে নিয়ন্ত্রক সংস্থা থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পর্যন্ত জবাবদিহিতা নিশ্চিত হয়। দুর্নীতি ও অনিয়ম দূর হলে খাতটি আরও কার্যকর হবে বলেও মন্তব্য করেন তিনি।

গত ১৫ থেকে ১৬ বছর রাজনৈতিক দলীয় প্রভাবে গড়ে ওঠা ব্যাংকিং ও ইন্স্যুরেন্স সেক্টরে জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গত ১৫ থেকে ১৬ বছরে দলীয় বিবেচনায় ব্যাংকের মালিকানা ও ইন্স্যুরেন্স কোম্পানি দেওয়া হয়েছে। যে কারণে এই সময়ে অনেক লুটপাট হয়েছে। এ জন্য ব্যাংকিং ও ইন্স্যুরেন্স সেক্টরে জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে। জবাবদিহিতা ছাড়া যেমন কোনো দেশ চলতে পারে না, তেমনি কোনো প্রতিষ্ঠানও চলতে পারে না। এই বিবেচনাগুলোকে আমাদের মাথায় রাখতে হবে।

জবাবদিহিতায় মনোযোগী হওয়ার জন্য তিনি সকল বীমা কোম্পানির প্রতি আহ্বান জানিয়ে বলেন, জবাবদিহিতার বিষয়গুলো আপনার বীমাকারীর নিরাপত্তার জন্য, আপনার কর্মচারীর নিরাপত্তার জন্য। কোম্পানিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের অবশ্যই এ সমস্ত জায়গায় মনোযোগী হতে হবে।

সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, একটি পরিবারে যেমন সবাইকে দায়িত্বশীল হতে হয়, তেমনি এক্ষেত্রেও সবাইকে দায়িত্বশীল হতে হবে।

কোম্পানির ম্যানেজমেন্টকেও দায়িত্বশীল হতে হবে, কর্মচারীদের দায়িত্বশীল হতে হবে, এজেন্টদের দায়িত্বশীল হতে হবে এবং সবচেয়ে বড় কথা—যারা রেগুলেটর, তাদেরকেও দায়িত্বশীল হতে হবে। সবাইকে দায়িত্বশীল হতে হবে এবং ইন্স্যুরেন্স কোম্পানি যে মন্ত্রণালয়ের অধীনে চলবে, সেই মন্ত্রণালয়কে দায়িত্বশীল হতে হবে।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাটের মহোৎসব চলেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের ইন্স্যুরেন্স সেক্টর, ব্যাংকিং সেক্টর—সবকিছু মিলিয়ে আমরা বিগত দিনগুলোতে যেটা দেখেছি, একটা বড় ধরনের লুটপাটের মহোৎসব চলেছে।

লুটপাটের কারণে অনেক প্রতিষ্ঠান দেউলিয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যারা ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে, ইন্স্যুরেন্স থেকে টাকা নিয়ে গেছে, শুধু তারাই লাভবান হয়েছে। কিন্তু এই প্রতিষ্ঠানগুলো শেষ হয়ে গেছে। এতে কোম্পানির সাথে সংশ্লিষ্ট যারা কাজ করে, তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে।

অনুষ্ঠানে চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম চৌধুরী বলেন, গত ২৫ বছর পপুলার লাইফ গ্রাহকের আস্থা ও সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। কর্মকর্তা-কর্মচারী, এজেন্ট, পরিচালনা পর্ষদ ও গ্রাহকের সম্মিলিত প্রচেষ্টায় কোম্পানিটি আরও দ্রুত শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সিইও বি এম ইউসুফ আলী বলেন, পপুলার লাইফ শুধু আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা নয়, সামাজিক উন্নয়নেও অবদান রেখে যাচ্ছে। প্রতিষ্ঠানটি গত দুই দশকে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। তিনি জানান, পপুলার লাইফ দীর্ঘদিন ধরে ক্রেডিট রেটিংয়ে ‘ট্রিপল এ’ অবস্থান ধরে রেখেছে, যা তাদের আর্থিক স্থিতিশীলতা ও দাবি পরিশোধের সক্ষমতার প্রমাণ।

অনুষ্ঠানে কোম্পানির নতুন পরিচিতি “পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি” নাম ঘোষণা করা হয়। ‘প্রেরণা’ শিরোনামে বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়, যেখানে পপুলার লাইফের ২৫ বছরের যাত্রা, আর্থিক সাফল্য, সাংগঠনিক উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনার সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে।

Facebook Comments Box
×

Posted ০৮:১৭ অপরাহ্ণ | বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com