|

Advertisement
×

বীমা ব্যক্তিত্ব নজমুল হক সিদ্দিকীর জন্মবার্ষিকী আজ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ৫৫ বার পঠিত

বীমা ব্যক্তিত্ব নজমুল হক সিদ্দিকীর জন্মবার্ষিকী আজ

আজ ২৬ অক্টোবর, দেশের বীমা খাতের অনন্য ব্যক্তিত্ব এন এইচ সিদ্দিকীর জন্মবার্ষিকী। ১৯২৬ সালে এই দিনে তিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার বক্তপুর গ্রামের এক সম্ভ্রান্ত্র পরিবারে জন্মগ্রহণ করেন।

তার নাম নজমুল হক সিদ্দিকী হলেও তিনি এন এইচ সিদ্দিকী নামে অধিক পরিচিত ছিলেন। পিতা মৌলভী আহমদুর রহমান সিদ্দিকী ছিলেন একজন সংগঠক, সমাজ সংস্কারক। নজমুল হক সিদ্দিকী পিতার পদাঙ্ক অনুসরণ করে সমসাময়িক সমাজ ও রাজনীতি এবং স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হন। শৈশব থেকেই তিনি সৎ স্বাধীনচেতা বুদ্ধিদ্দীপ্ত ও দূরদর্শী জ্ঞানের অধিকারী ছিলেন। কখনও অন্যায় অবিচার প্রশ্রয় দেননি। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বিশিষ্ট ভূমিকা পালন করেন তিনি। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বাংলা ভাষার পক্ষে জনমত সৃষ্টিসহ বাঙালির মুক্তি সনদ ৬ দফা আন্দোলনে তার ভূমিকা ছিল অনন্য।

এন এইচ সিদ্দিকীর কর্মজীবন শুরু হয় ১৯৫২ সালে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চট্টগ্রাম জোনাল অফিসে পরিদর্শক পদে যোগদান করে ১৯৫৫ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। পাকিস্তান আমল থেকে তিনি ঢাকা ইন্স্যুরেন্স ইনস্টিটিউটের অনারারি সেক্রেটারি পদে ১৯৭২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী সময়ে যখন বাংলাদেশ সরকার সব ব্যাংক বীমা প্রতিষ্ঠান জাতীয়করণ করে, সে সময় তিনি সুরমা জীবন বীমা করপোরেশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৭ থেকে ১৯৮০ সাল পর্যন্ত তিনি জীবন বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার হিসেবে এবং ১৯৮১ থেকে ১৯৮৫ পর্যন্ত জুবিলি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, নাইরোবি কেনিয়ায় টেকনিক্যাল উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৫ সালে বেসরকারি খাতে প্রতিষ্ঠিত দেশের প্রথম বীমা কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এবং পরবর্তীতে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডেও দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সাল থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিজস্ব প্রতিষ্ঠান মেসার্স এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান উপদেষ্টা ও মেসার্স নরবান করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে গেছেন।

তার রচিত “জীবন বীমা” শীর্ষক গ্রন্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের বুকলিস্টের অন্তর্ভুক্ত এবং জীবন বীমাপ্রেমীদের কাছে শিক্ষণীয়।
২০০৪ সালের ১৯ জানুয়ারি ৭৭ বছর বয়সে ঢাকায় ইন্তেকাল করেন। ইকনোমিক মিডিয়া অ্যাসোসিয়েশন তাকে ২০১৯ সালের ১১ মার্চ গুণীজন সম্মাননা (মরণোত্তর) প্রদান করে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৩৮ অপরাহ্ণ | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com