নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ প্রিন্ট ১৭৫ বার পঠিত
দেশের মানি মার্কেটে স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বাড়াতে লেনদেনভিত্তিক নতুন রেফারেন্স রেট চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানানো হয়। সোমবার (১৩ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে জানানো হয়, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকৃত লেনদেনের ভিত্তিতে সুদের হার নির্ধারণের একটি আধুনিক কাঠামো গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে দেশের আর্থিক বাজারে একটি গ্রহণযোগ্য মানদণ্ড তৈরি হবে, যা বাজারে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বর্তমানে ব্যবহৃত ঢাকা ইন্টারব্যাংক অফার রেট (ডিআইবিওআর) মূলত ব্যাংকগুলোর প্রস্তাবিত হারের ওপর নির্ভর করে নির্ধারিত হয়। ফলে অনেক সময় বাজারের প্রকৃত পরিস্থিতি এতে প্রতিফলিত হয় না। এছাড়া অনেক ব্যাংক নিয়মিত তথ্য সরবরাহ না করায় এ হার নির্ধারণে সীমাবদ্ধতা তৈরি হয়। এসব দুর্বলতা কাটিয়ে উঠতেই লেনদেনভিত্তিক নতুন রেট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থায় প্রতিদিন বাংলাদেশ ব্যাংক দুই ধরনের মানি মার্কেট রেফারেন্স রেট প্রকাশ করবে। এগুলো হলো বাংলাদেশ ওভারনাইট ফাইন্যান্সিং রেট (বিওএফআর) এবং ঢাকা ওভারনাইট মানি মার্কেট রেট (ডিওএমএমআর)। এর মধ্যে বিওএফআর নির্ধারণ করা হবে আন্তঃব্যাংক রেপো (নিরাপদ) লেনদেনের ভিত্তিতে এবং ডিওএমএমআর নির্ধারিত হবে আনসিকিউরড আন্তঃব্যাংক লেনদেনের ভিত্তিতে।
প্রাথমিকভাবে বিওএফআর ওভারনাইট ও এক সপ্তাহ মেয়াদে প্রকাশ করা হবে। অন্যদিকে ডিওএমএমআর ওভারনাইট, এক সপ্তাহ, এক মাস ও তিন মাস মেয়াদে প্রকাশ করা হবে। প্রতিটি ক্ষেত্রে সংশ্লিষ্ট মেয়াদের লেনদেনের সুদের হার ও পরিমাণ বিবেচনায় ভলিউম-ওয়েটেড গড় পদ্ধতিতে হার নির্ধারণ করা হবে।
অস্বাভাবিক বা ব্যতিক্রমধর্মী লেনদেনের প্রভাব কমাতে পরিসংখ্যানভিত্তিক পদ্ধতি ব্যবহার করা হবে বলে জানানো হয়, যাতে বাজারের প্রকৃত চিত্র যথাযথভাবে প্রতিফলিত হয়। প্রতিদিন সকালেই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এসব রেট প্রকাশ করা হবে। ফলে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও অন্যান্য অংশীজনরা প্রতিদিনের বাজার পরিস্থিতি সম্পর্কে একটি নির্ভরযোগ্য সূচক পাবেন এবং তা বিভিন্ন আর্থিক চুক্তি, পণ্য মূল্যায়ন ও ঝুঁকি ব্যবস্থাপনায় ব্যবহার করতে পারবেন।
রেট নির্ধারণে নির্দিষ্ট সংখ্যক লেনদেনের তথ্য প্রয়োজন হবে। যদি কোনো ক্ষেত্রে প্রয়োজনীয় ন্যূনতম লেনদেন না পাওয়া যায়, তাহলে ‘রোলিং উইন্ডো’ পদ্ধতি অনুসরণ করে পূর্ববর্তী দিনের তথ্য যুক্ত করে হার নির্ধারণ করা হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নিয়মিত পর্যবেক্ষণ ও বার্ষিক পর্যালোচনার মাধ্যমে এই রেফারেন্স রেটগুলোর স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করা হবে। প্রয়োজনে বাজার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে কাঠামো বা পদ্ধতিতে পরিবর্তন আনা হবে।
আগামী ১৫ এপ্রিল ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে বিওএফআর ও ডিওএমএমআর প্রকাশ শুরু হবে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের মানি মার্কেট আরও কার্যকর ও সুসংহত হবে এবং নতুন আর্থিক পণ্যের বিকাশেও সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের আর্থিক বাজারের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
Posted ০৭:০১ অপরাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com