নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট ২২০ বার পঠিত
ব্যবসায়িক সাফল্য ও ধারাবাহিক প্রবৃদ্ধির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। শরীয়াহভিত্তিক আধুনিক বীমাসেবায় গ্রাহক আস্থা, স্বচ্ছতা ও দক্ষতার সমন্বয় ঘটিয়ে ২০২৫ সাল শেষে শত কোটি টাকার প্রিমিয়াম আয়ের ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করেছে প্রতিষ্ঠানটি। শুধু মোট প্রিমিয়াম অর্জনেই নয়—প্রথম বর্ষ প্রিমিয়াম, গ্রুপ ও স্বাস্থ্য বীমা এবং বিশেষ করে পলিসি রিটেনশনের অন্যতম সূচক ‘নবায়ন প্রিমিয়াম’ সংগ্রহে অর্জিত হয়েছে অভূতপূর্ব সাফল্য। একই সাথে লাইফ ফান্ড, মোট সম্পদ এবং বিনিয়োগের উচ্চ প্রবৃদ্ধি কোম্পানিটির আর্থিক ভিতকে করেছে আরও সুদৃঢ়। এই আর্থিক সক্ষমতা ও শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ ক্রেডিট রেটিংয়ে ‘এ+’ থেকে মর্যাদাপূর্ণ ‘এএ-’ গ্রেডে উন্নীত হওয়ার পাশাপাশি গ্রাহকদের জন্য ঘোষণা করা হয়েছে আকর্ষণীয় পলিসি বোনাস, যা দেশের বীমা খাতে এক নতুন আশার সঞ্চার করেছে।
সর্বশেষ হিসাব সমাপনী বছর ২০২৫ সালে বেঙ্গল ইসলামি লাইফ মোট প্রিমিয়াম আয় করেছে ১০১ কোটি ৫৩ লাখ ৩৪ হাজার টাকা। যা আগের বছর ২০২৪ সালে ছিল ৭৩ কোটি ৬৬ লাখ ৯৮ হাজার টাকা। এই হিসাবে কোম্পানিটির মোট প্রিমিয়াম আয় বেড়েছে ৩৭.৮২ শতাংশ। গ্রাহকদের আস্থা ও কর্মীদের নিরলস পরিশ্রমের ফল হিসেবে বেঙ্গল ইসলামি লাইফ ১০০ কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহের মাইলফলক অতিক্রম করেছে। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং সিএফও স্বাক্ষরিত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে দাখিলকৃত বার্ষিক প্রতিবেদনে এই সাফল্যের চিত্র পাওয়া গেছে।
তথ্য অনুসারে, ২০২৫ সালে কোম্পানিটির সংগৃহীত ১ম বর্ষ প্রিমিয়াম ৬১ কোটি ৪৯ লাখ টাকা, যা আগের বছর ছিল ৪৫ কোটি ৪৮ লাখ টাকা। প্রথম বর্ষ প্রিমিয়াম আয় বৃদ্ধি পেয়েছে ৩৫.১৯ শতাংশ। গ্রুপ ও স্বাস্থ্য বীমায়ও সফলতা অর্জন করেছে বেঙ্গল ইসলামি লাইফ। ২০২৫ সালে গ্রুপ ও স্বাস্থ্য বীমা প্রিমিয়াম অর্জিত হয়েছে ৫ কোটি ৮১ লাখ টাকা। ২০২৪ সালে যা ছিল ৪ কোটি ২৪ লাখ টাকা। প্রিমিয়াম প্রবৃদ্ধি ৩৭.১৭ শতাংশ। সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে নবায়ন প্রিমিয়াম সংগ্রহে। ২০২৫ সালে নবায়ন প্রিমিয়াম অর্জিত হয়েছে ৩৪ কোটি ২২ লাখ টাকা। আগের বছর ২০২৪ সালে নবায়ন প্রিমিয়াম ছিল ২৩ কোটি ৯৪ লাখ টাকা। নবায়ন প্রিমিয়াম বৃদ্ধির হার ৪২.৯৪ শতাংশ। বর্তমান বাজারে যেকোন বীমা কোম্পানির তুলনায় নবায়ন প্রিমিয়াম প্রবৃদ্ধির হার খুবই উৎসাহজনক।
বেঙ্গল ইসলামি লাইফের প্রদত্ত তথ্য অনুসারে, ২০২৫ সালে কোম্পানিটির লাইফ ফান্ড বেড়েছে ২৪ কোটি ৫৯ লাখ টাকা বা ৬৪.২৪ শতাংশ। বছর শেষে কোম্পানিটির মোট লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৬২ কোটি ৮৭ লাখ টাকা।
এর আগের বছর ২০২৪ সাল শেষে কোম্পানিটির মোট লাইফ ফান্ড ছিল ৩৮ কোটি ২৮ লাখ টাকা। লাইফ ফান্ড হলো এমন একটি ফান্ড যেখানে জীবন বীমা কোম্পানিগুলো অর্থ জমা রাখে ও বিনিয়োগ করে। কোনো বীমা গ্রাহকের মৃত্যু হলে বা অন্য কোনো বীমা দাবী এই ফান্ড থেকে প্রদান করা হয়। জীবন বীমা কোম্পানির লাইফ ফান্ডকে রক্তের সঙ্গে তুলনায় করা হয়। যে কোম্পানির লাইফ ফান্ড যত সমৃদ্ধ সেই কোম্পানির গ্রাহক সুরক্ষার সক্ষমতা তত বেশি। বেঙ্গল ইসলামি লাইফ তাদের লাইফ ফান্ড সমৃদ্ধ করে আর্থিক ভীতকে আরো মজবুত করছে।
২০২৫ সালে বেঙ্গল ইসলামি লাইফের বিনিয়োগ বেড়েছে ২৮ কোটি ৩ লাখ টাকা। কোম্পানিটির মোট বিনিয়োগ রয়েছে ৫৮ কোটি ৩৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি খাতে বিনিয়োগ রয়েছে ১৬ কোটি ৪৫ লাখ টাকা। আগের বছর ২০২৪ সালে মোট বিনিয়োগ ছিল ৩০ কোটি ৪ লাখ টাকা। বিনিয়োগ প্রবৃদ্ধির হার ৯৪.২১ শতাংশ।
দাখিলকৃত প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির মোট সম্পদ বেড়েছে ২২ কোটি ২৭ লাখ টাকা বা ৩১.১০ শতাংশ। ২০২৫ সাল শেষে মোট সম্পদ এর পরিমাণ দাঁড়িয়েছে ৯৩ কোটি ৮৮ লাখ টাকা। আগের বছর যা ছিল ৭১ কোটি ৬১ লাখ টাকা। বর্তমানে বেঙ্গল ইসলামি লাইফের পরিশোধিত মূলধনের পরিমাণ ২২ কোটি ৫০ লাখ টাকা।
২০২৫ সালে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এ+’ থেকে ‘এএ-’ তে উন্নীত হওয়া একটি গৌরবময় ও যুগান্তকারী অর্জন। ক্রেডিট রেটিংয়ে ‘এ+’ থেকে মর্যাদাপূর্ণ ‘এএ-’ তে যে উত্তরণ ঘটেছে, তা কেবল একটি সংখ্যা বা গ্রেড নয়; এটি প্রতিষ্ঠানের সুদৃঢ় আর্থিক ভিত, স্বচ্ছতা এবং আস্থার এক শক্ত প্রমাণ। যেকোনো বীমা প্রতিষ্ঠানের মূল শক্তি হলো গ্রাহকের আমানত ও সুরক্ষার দায়ভার সঠিকভাবে বহন করা। এই রেটিং বৃদ্ধি স্পষ্টভাবে তুলে ধরে যে, কোম্পানির দীর্ঘমেয়াদী আর্থিক সক্ষমতা, সময়মতো দাবি পরিশোধের রেকর্ড এবং সামগ্রিক ব্যবস্থাপনা অত্যন্ত উচ্চমানের ও সুরক্ষিত।
শরীয়াহ্ ভিত্তিক পরিচালিত দেশের অন্যতম শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকদের জন্য ‘পলিসি বোনাস ২০২৫’ ঘোষণা করেছে। সুদৃঢ় আর্থিক সক্ষমতা ও গ্রাহক আস্থার ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি এই আকর্ষণীয় বোনাস ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী রিভার্শনারি বোনাস: ডিসেম্বর ২০২৫ এর মূল্যায়ন তারিখ অনুযায়ী, ২ বছর বা তদূর্ধ্ব মেয়াদে চালু থাকা পলিসির ক্ষেত্রে প্রতি ১,০০০ টাকা ফেস ভ্যালুতে ৩৩.০০ টাকা বোনাস ঘোষণা করা হয়েছে। টার্মিনাল বোনাস : ২০২৬ সালে মেয়াদপূর্তি হবে এমন পলিসির জন্য প্রতি ১,০০০ টাকা ফেস ভ্যালুতে ১৫.০০ টাকা বোনাস দেওয়া হবে। বীমাখাত সংশ্লিষ্টরা মনে করেন, স্বচ্ছ ব্যবস্থাপনা এবং শরীয়াহ্ সম্মত বিনিয়োগ নীতি অনুসরণ করার কারণেই গ্রাহকদের জন্য এই আকর্ষণীয় বোনাস দেওয়া সম্ভব হয়েছে। এই উদ্যোগ গ্রাহকদের আস্থা আরও বৃদ্ধি করবে এবং প্রতিষ্ঠানের আর্থিক স্থায়িত্বের প্রমাণ বহন করে।
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম প্রতিষ্ঠানের সাফল্যের বিষয়ে বলেন, ‘‘আইডিআরএ’র নির্দেশনা কঠোরভাবে পরিপালন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী গড়ে তোলা এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কোম্পানির ব্যবসায়িক প্রবৃদ্ধি ঘটেছে এবং লাইফ ফান্ড সমৃদ্ধ হয়েছে। এর ফলে ২০২৫ সালে বীমা বাজারে কোম্পানির অবস্থান অনেক শক্তিশালী হয়েছে। এছাড়া বিগত ৪ বছর যাবৎ ধারাবাহিকভাবে কোম্পানির নিয়ম-নীতি ও প্রতিশ্রুতি ব্যাস্তবায়নের মাধ্যমে মাঠ পর্যায়ে কর্মী ও গ্রাহকের মাঝে আস্থা সৃষ্টি করতে অমরা সক্ষম হয়েছি’’। তিনি আরো বলেন, ‘‘স্বাস্থ্য বীমাকে আমরা অগ্রাধিকারভাবে জনগণের কাছে উপস্থাপন করছি এবং গ্রাহক ও কোম্পানি উভয়েই এর সুফল পাচ্ছে। যেকোন ধরনের বীমা দাবি আমরা আন্তরিকতার সাথে নিয়মিতভাবে পরিশোধ করে যাচ্ছি। আমাদের কোন দাবি অপরিশোধিত নেই। আমাদের সকল স্টেকহোল্ডারদের উদ্দেশ্যে বলতে চাই—আপনাদের অটুট সমর্থন ছাড়া এই অর্জন সম্ভব হতো না। আমাদের সম্মানিত গ্রাহকদের ধন্যবাদ জানাই আপনাদের ভবিষ্যৎ সুরক্ষায় আমাদের বেছে নেওয়ার জন্য। সেই সাথে আমাদের নিবেদিতপ্রাণ কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার জন্য জানাই আন্তরিক ধন্যবাদ। আমরা বিশ্বাস করি, এই ‘এএ-‘ রেটিং অর্জনের মাধ্যমে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকসেবায় ও আর্থিক স্থিতিশীলতায় নতুন উচ্চতায় পৌঁছাল। আগামী দিনেও সততা ও শরীয়াহ নীতির ওপর ভিত্তি করে নিরবিচ্ছিন্ন গ্রাহক সেবা দিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। একসাথে, আমরা গড়ে তুলছি আরও নিরাপদ এক আগামীকাল’’।
আইডিআরএ-এর দিকনির্দেশনা কঠোরভাবে পরিপালন, তথ্যপ্রযুক্তির আধুনিক সংযোজন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে বেঙ্গল ইসলামী লাইফ আজ দেশের বীমা খাতে এক বিশ্বস্ত ও শক্তিশালী অবস্থান তৈরি করেছে। শরীয়াহ্ সম্মত বিনিয়োগ নীতি অনুসরণ, শতভাগ বীমা দাবি পরিশোধের অনন্য রেকর্ড, ক্রমবর্ধমান লাইফ ফান্ড এবং ধারাবাহিক বোনাস ঘোষণা গ্রাহক ও স্টেকহোল্ডারদের মাঝে যুগিয়েছে এক অনন্য আস্থা। পরিচালনা পর্ষদের সুদূরপ্রসারী পরামর্শ ও সুযোগ্য মুখ্য নির্বাহী কর্সকর্তার অভিজ্ঞ নেতৃত্ব, কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা এবং গ্রাহকদের অটুট সমর্থনের ওপর ভিত্তি করে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কেবল ব্যবসায়িক সাফল্যই উদযাপন করছে না, বরং একটি নিরাপদ ও সুরক্ষিত ভবিষ্যৎ গঠনে নিরবিচ্ছিন্নভাবে এগিয়ে চলেছে সামনের দিকে।
Posted ০৭:৫৬ অপরাহ্ণ | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com