নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৭ আগস্ট ২০২৬ প্রিন্ট ১৫ বার পঠিত
নানা অনিয়ম ও ঋণ জালিয়াতির অভিযোগে সংকটে থাকা উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদে আবারও বড় ধরনের পরিবর্তন এসেছে। বাংলাদেশ ব্যাংকের পুনর্গঠিত পর্ষদ দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মধ্যে চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও দুই স্বতন্ত্র পরিচালকসহ চারজন পদত্যাগ করেছেন।
রোববার (১৬ আগস্ট) তারা বাংলাদেশ ব্যাংকে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারীরা হলেন উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যান ও এনআরবিসি ব্যাংকের সাবেক এমডি মুখতার হোসেন, এমডি ওয়ালি উল্লাহ, স্বতন্ত্র পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক নিয়ামুল কবির এবং স্বতন্ত্র পরিচালক রফিকুল ইসলাম।
বাংলাদেশ ব্যাংক চলতি বছরের ফেব্রুয়ারিতে উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। চার স্বতন্ত্র পরিচালক এবং উত্তরা গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা মাহবুব আলমকে নিয়ে পাঁচ সদস্যের পর্ষদ গঠন করা হয়েছিল। চারজনের পদত্যাগের পর বর্তমানে পর্ষদে স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ শফিউল আজম ও পরিচালক মাহবুব আলম রয়েছেন।
সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ টানাপোড়েন এবং বিভিন্ন ধরনের চাপের কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন চার কর্মকর্তা। তবে পদত্যাগের কারণ নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি।
উত্তরা ফাইন্যান্সের সংকট অবশ্য নতুন নয়। আমানতকারীদের অর্থ ব্যক্তিগত হিসাবে স্থানান্তর, ভুয়া এফডিআরের বিপরীতে ঋণ বিতরণ এবং কলমানির অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহারের মতো অভিযোগে প্রায় ৩ হাজার ৪৪০ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠে আসে।
এর পরিপ্রেক্ষিতে ২০২২ সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানটির তৎকালীন পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। একই সময়ে উত্তরা গ্রুপের পাঁচ প্রভাবশালী পরিচালক এবং তৎকালীন এমডি এসএম শামসুল আরেফিনকে অপসারণ করা হয়।
পরবর্তী সময়ে নতুন পর্ষদ গঠন করে প্রতিষ্ঠানটিকে স্বাভাবিক ধারায় ফেরানোর উদ্যোগ নেওয়া হলেও সর্বশেষ চার পরিচালকের পদত্যাগে উত্তরা ফাইন্যান্সের পরিচালনা কাঠামো আবারও বড় সংকটে পড়েছে। ফলে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কার্যক্রম ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
Posted ০৭:৩২ অপরাহ্ণ | সোমবার, ১৭ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com