|

Advertisement
×

ডিসিসিআইতে সপ্তাহব্যাপী ট্রেড লাইসেন্স নবায়ন সেবা শুরু

রবিবার, ১৬ আগস্ট ২০২৬   প্রিন্ট   ২৬ বার পঠিত

ডিসিসিআইতে সপ্তাহব্যাপী ট্রেড লাইসেন্স নবায়ন সেবা শুরু

ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী ট্রেড লাইসেন্স নবায়ন সেবা কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৬ আগস্ট) ডিসিসিআই অডিটোরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান এবং ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. মাসুদ করিম।

ডিসিসিআই ও ডিএসসিসির উদ্যোগে আয়োজিত ‘স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট পরিস্থিতির উন্নয়ন ও ট্রেড লাইসেন্স সেবা’ শীর্ষক মতবিনিময় সভার অংশ হিসেবে এ সেবা চালু করা হয়। ১৬ থেকে ২০ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ সময়ে ডিএসসিসির আওতাধীন এলাকার ডিসিসিআই সদস্যসহ অন্যান্য ব্যবসায়ীরা নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ২০২৬-২৭ অর্থবছরের ট্রেড লাইসেন্স নবায়ন করতে পারবেন।

অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ব্যবসা পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাথমিক দলিল হচ্ছে ট্রেড লাইসেন্স। কিন্তু নিবন্ধন ও নবায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সম্পর্কে অস্পষ্টতা, একাধিকবার অফিসে যাতায়াত এবং বিভিন্ন ধাপে সময়ক্ষেপণের কারণে উদ্যোক্তাদের ভোগান্তিতে পড়তে হয়।

ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবা প্রদানে হয়রানি ও সময়ক্ষেপণ বন্ধে ডিজিটাল ব্যবস্থার কার্যকর প্রয়োগের ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে একাধিক বছরের জন্য ট্রেড লাইসেন্স নবায়নের ব্যবস্থা চালুর দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, সিটি করপোরেশনের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি শনিবার গণশুনানির আয়োজন করা হচ্ছে। এতে ব্যবসায়ীসহ নগরবাসীকে অংশ নিয়ে নিজেদের মতামত জানানোর আহ্বান জানান তিনি।

তিনি বলেন, নতুন ট্রেড লাইসেন্স ও নবায়নের নির্ধারিত ফিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চার্জ কমানো গেলে ট্রেড লাইসেন্সের খরচ আরও কমানো সম্ভব। ব্যবসায়ীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা গেলে একদিকে সিটি করপোরেশনের রাজস্ব বাড়বে, অন্যদিকে নগরবাসীকে উন্নত সেবা দেওয়া সম্ভব হবে।

ডিএসসিসির প্রশাসক জানান, দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বর্তমানে প্রায় আড়াই লাখ ট্রেড লাইসেন্স রয়েছে। তবে এ এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। তাই নতুন ট্রেড লাইসেন্স গ্রহণ এবং পুরোনো লাইসেন্স নবায়নের মাধ্যমে বৈধভাবে ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

ট্রেড লাইসেন্স সেবায় হয়রানি বন্ধে ডিজিটাল ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ওয়ান-স্টপ সার্ভিস চালুর বিষয়টিও বিবেচনাধীন রয়েছে। পাশাপাশি যানজট নিরসনে বিদ্যুৎচালিত অটোরিকশা ও হকারদের নিবন্ধনের আওতায় আনার কার্যক্রম চলছে। পুরান ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। যানজট কমাতে কিছু সড়কে একমুখী চলাচল চালুর ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান বলেন, সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় ২৯৪ ধরনের ব্যবসার বিপরীতে ইতোমধ্যে প্রায় ২ লাখ ৪৬ হাজার ১৮০টি ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে ডিএসসিসির রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১৫০ কোটি টাকা। এ লক্ষ্য অর্জনে ব্যবসায়ী ও নগরবাসীর সার্বিক সহযোগিতা প্রয়োজন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মাসুদ করিম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যবসা ও বিনিয়োগের অনুকূলে না থাকলে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসে না। তাই ব্যবসাবান্ধব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে ডিএমপি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাক বা কাভার্ড ভ্যান থেকে পণ্য খালাসের সময় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য হয়রানি বা অনিয়মে জড়িত থাকলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

যানজট নিরসনে কয়েকটি সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্যামেরা স্থাপনের সুফল পাওয়া যাচ্ছে জানিয়ে তিনি বলেন, এ কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। অটোরিকশা চলাচলে শৃঙ্খলা আনতে নীতিমালা প্রণয়নের কাজও চলছে। নীতিমালা চূড়ান্ত হলে নিবন্ধন ও নম্বরপ্লেটের মাধ্যমে অটোরিকশাগুলোকে নজরদারির আওতায় আনা সম্ভব হবে।

মুক্ত আলোচনায় ডিসিসিআইয়ের পরিচালক মোহাম্মদ জমশের আলী, সাবেক ঊর্ধ্বতন সহসভাপতি আলহাজ্ব আব্দুস সালাম, সাবেক সহসভাপতি হোসেন এ সিকদার ও আলহাজ্ব মো. আলাউদ্দিন মালিক, সাবেক পরিচালক এ কে ডি খায়ের মোহাম্মদ খান ও আলহাজ্ব দীন মোহাম্মদ এবং মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভূট্রোসহ ব্যবসায়ী নেতারা অংশ নেন।

তারা ট্রেড লাইসেন্স নবায়ন ফি কমানো, স্বয়ংক্রিয় ব্যবস্থায় হয়রানিমুক্ত সেবা নিশ্চিত, যানজট ও জলাবদ্ধতা নিরসন, অটোরিকশার নিবন্ধন ও নম্বরপ্লেট প্রদান এবং ফুটপাত দখলমুক্ত করার দাবি জানান। একই সঙ্গে রাজনৈতিক ও আইনশৃঙ্খলা বাহিনীর নামে চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে ডিসিসিআইয়ের সদস্যভুক্ত ১০টি প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে নবায়ন করা ট্রেড লাইসেন্সের কপি তুলে দেন ডিএসসিসির প্রশাসক।

Facebook Comments Box

Posted ০৭:১২ অপরাহ্ণ | রবিবার, ১৬ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com