অনলাইন ডেস্ক
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ প্রিন্ট ১৪১ বার পঠিত
সাধারণত স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) গাড়ির তৃতীয় সারির আসন শিশুদের জন্য উপযোগী হিসেবেই বিবেচিত হয়। ফলে লম্বা মানুষের জন্য সেখানে দীর্ঘ সময় স্বাচ্ছন্দ্যে বসা কঠিন। এবার সেই ধারণায় পরিবর্তন আনতে বাংলাদেশের বাজারে সাত আসনের নতুন প্লাগ-ইন হাইব্রিড এসইউভি (পিএইচইভি) এমজি এস৯ পিএইচইভি নিয়ে এসেছে এমজি বাংলাদেশ। একই সঙ্গে দেশের বাজারে অবমুক্ত করা হয়েছে সম্পূর্ণ বৈদ্যুতিক এসইউভি এমজি এস৬ ইভি।
শুক্রবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে গাড়ি দুটি বাজারে আনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমজি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হোসেন মাশনুর চৌধুরী, বিভাগীয় পরিচালক ইমরান জামান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে মাশনুর চৌধুরী বলেন, বাংলাদেশি গ্রাহকদের দৈনন্দিন যাতায়াত, পারিবারিক ভ্রমণ ও দীর্ঘ দূরত্বের যাত্রার প্রয়োজনীয়তা দ্রুত পরিবর্তিত হচ্ছে। এমজি এস৯ পিএইচইভি দৈনন্দিন বৈদ্যুতিক ড্রাইভিংয়ের সুবিধার পাশাপাশি দীর্ঘ যাত্রায় পেট্রোল ইঞ্জিনের নমনীয়তা দেবে। অন্যদিকে এস৬ ইভি সম্পূর্ণ বৈদ্যুতিক চালনার অভিজ্ঞতা দেবে।
এমজি এস৯ পিএইচইভির অন্যতম আকর্ষণ এর প্রশস্ত কেবিন। গাড়িটির দৈর্ঘ্য ৪ হাজার ৯৮৩ মিলিমিটার, প্রস্থ ১ হাজার ৯৬৭ মিলিমিটার এবং উচ্চতা ১ হাজার ৭৭৮ মিলিমিটার। হুইলবেস ২ হাজার ৯১৫ মিলিমিটার।
প্রতিষ্ঠানটির দাবি, গাড়িটির তিনটি সারিতেই প্রাপ্তবয়স্ক যাত্রীদের জন্য আরামদায়ক বসার ব্যবস্থা রয়েছে। বিশেষ করে তৃতীয় সারিতে রয়েছে পর্যাপ্ত হেডরুম, হেডরেস্ট, স্পিকার, মোবাইল ফোন চার্জিং পোর্ট এবং এসি ভেন্ট। ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার দুজন প্রাপ্তবয়স্ক সহজেই তৃতীয় সারিতে বসতে পারবেন বলে জানিয়েছে এমজি।
দ্বিতীয় ও তৃতীয় সারি ভাঁজ করলে গাড়িটির মালামাল বহনের সক্ষমতা দাঁড়ায় ২ হাজার ৯৩ লিটার। তিনটি সারিতে যাত্রী থাকলেও ৩৩২ লিটার পর্যন্ত লাগেজ বহনের জায়গা পাওয়া যায়। ফলে পারিবারিক ভ্রমণ, বিমানবন্দরে যাতায়াত কিংবা বড় আকারের মালামাল পরিবহনের ক্ষেত্রেও গাড়িটি ব্যবহার করা যাবে।
তৃতীয় সারির যাত্রীদের সুবিধার জন্য রয়েছে আলাদা এসি ভেন্ট। পেছনের দুই সারিতে ফ্যাক্টরি-ফিটেড প্রাইভেসি গ্লাসও ব্যবহার করা হয়েছে।
এমজি এস৯ পিএইচইভিতে রয়েছে ১ দশমিক ৫ লিটারের টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন, একটি বৈদ্যুতিক মোটর এবং ২৪ দশমিক ৭ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি। শুধু বৈদ্যুতিক শক্তিতে গাড়িটি সর্বোচ্চ ১০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।
পূর্ণ চার্জ ও পূর্ণ জ্বালানি ট্যাংকে গাড়িটি এক হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে সক্ষম বলে জানিয়েছে এমজি। ফলে দীর্ঘ ভ্রমণে চার্জিং স্টপ নিয়ে অতিরিক্ত পরিকল্পনার প্রয়োজন কমবে। অন্যদিকে প্রতিদিনের অফিস, স্কুল বা শহরের মধ্যে যাতায়াতে বৈদ্যুতিক শক্তি ব্যবহারের সুযোগ থাকায় জ্বালানি খরচও কমানো সম্ভব।
সামনের চাকায় শক্তি সরবরাহকারী (এফডব্লিউডি) এস৯ পিএইচইভির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৯০ মিলিমিটার। গাড়িটি শূন্য থেকে ১০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে সময় নেয় ৯ দশমিক ৬ সেকেন্ড। ৫ দশমিক ৭৫ মিটার জায়গার মধ্যে গাড়িটি ঘোরানো যায়।
গাড়িটিতে রয়েছে প্যানোরামিক সানরুফ, ম্যাসাজ ও গরম-ঠান্ডা সুবিধাযুক্ত সামনের আসন এবং তিন-জোন ক্লাইমেট কন্ট্রোল। বিনোদনের জন্য রয়েছে ১২ স্পিকারের বোস অডিও সিস্টেম, তারবিহীন অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো, তারবিহীন স্মার্টফোন চার্জিং এবং ১২ দশমিক ৩ ইঞ্চির ডিসপ্লে।
নিরাপত্তার জন্য এমজি অটো পাইলট প্রযুক্তির আওতায় রয়েছে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, অটোমেটিক ইমার্জেন্সি ব্রেকিং, লেন কিপিং অ্যাসিস্ট, ব্লাইন্ড স্পট ডিটেকশন এবং রিয়ার ক্রস-ট্রাফিক অ্যালার্ট। পাশাপাশি ৩৬০ ডিগ্রি এইচডি পার্কিং ক্যামেরা, ডোর ওপেন ওয়ার্নিং এবং সাতটি এয়ারব্যাগ রয়েছে।
এস৯ পিএইচইভি ইতিমধ্যে ‘হোয়াট কার অ্যাওয়ার্ডস’-এ সেরা প্লাগ-ইন হাইব্রিড সাত আসনের এসইউভির স্বীকৃতি পেয়েছে বলে জানিয়েছে এমজি বাংলাদেশ।
এস৯ পিএইচইভির পাশাপাশি এমজি বাংলাদেশ বাজারে এনেছে সম্পূর্ণ বৈদ্যুতিক এসইউভি এস৬ ইভি। গাড়িটিতে রয়েছে ৭৭ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি, ১৮০ কিলোওয়াটের বৈদ্যুতিক মোটর এবং ৩৫০ নিউটন-মিটার টর্ক।
একবার পূর্ণ চার্জে গাড়িটি সর্বোচ্চ ৫৩০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে ঢাকার সঙ্গে চট্টগ্রামের মতো দীর্ঘ দূরত্বের যাতায়াতেও গাড়িটি ব্যবহার করা সম্ভব হবে।
প্রশস্ত এসইউভি নকশা, আধুনিক বৈদ্যুতিক গাড়ির স্থাপত্য, উন্নত প্রযুক্তি এবং পেছনের চাকাকেন্দ্রিক ড্রাইভিং বৈশিষ্ট্যের সমন্বয়ে এস৬ ইভিকে বাংলাদেশের বাজারে এমজির নিউ এনার্জি গাড়ির তালিকায় নতুন সংযোজন হিসেবে তুলে ধরা হয়েছে।
এমজি এস৯ পিএইচইভি সাদা, সবুজ, কালো, রুপালি ও ধূসর—এই পাঁচ রঙে পাওয়া যাবে। প্রথম ১০০ ইউনিটের দাম নির্ধারণ করা হয়েছে ৬৩ লাখ ৯০ হাজার টাকা। এরপর গাড়িটির দাম হবে ৬৪ লাখ ৯০ হাজার টাকা।
অন্যদিকে এমজি এস৬ ইভির প্রারম্ভিক মূল্য ৫৩ লাখ ৯০ হাজার টাকা। পরবর্তী সময়ে এর দাম হবে ৫৪ লাখ ৯০ হাজার টাকা।
দুটি গাড়িতেই আট বছরের বিক্রয়োত্তর সেবা দেওয়ার কথা জানিয়েছে এমজি বাংলাদেশ। পাশাপাশি বাসায় চার্জ দেওয়ার সুবিধার জন্য ১১ কিলোওয়াট ক্ষমতার হোম চার্জিং স্টেশন বিনা মূল্যে দেওয়া হবে।
Posted ০১:০৬ অপরাহ্ণ | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন