|

Advertisement
×

কেরানীগঞ্জে ফুলবাড়িয়া বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত

শনিবার, ২৯ আগস্ট ২০২৬   প্রিন্ট   ৬ বার পঠিত

কেরানীগঞ্জে ফুলবাড়িয়া বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত

কেরানীগঞ্জে ফুলবাড়িয়া বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত রাজধানীর যানজট কমাতে গণপরিবহন ব্যবস্থায় বড় ধরনের পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজায় চার মাসের মধ্যে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) চালু, ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর এবং গাবতলী বাস টার্মিনাল সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে ঢাকা মহানগরীর যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল পুনর্বিন্যাস, পার্কিং সুবিধা এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

চার মাসের মধ্যে ইটিসি চালু

এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওয়ের টোল প্লাজায় ETC ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হয়েছে। প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থায় দ্রুত টোল আদায়ের পাশাপাশি যানবাহনের চলাচল আরও নির্বিঘ্ন হবে বলে আশা করা হচ্ছে।

ETC ব্যবস্থার সঙ্গে একটি অ্যাপও চালু করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে যানজট

যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশে দীর্ঘদিনের যানজট নিরসনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আগের প্রতিবেদন পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে।

বুয়েটকে বিদ্যমান প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ আগামী ১৫ দিনের মধ্যে নতুন প্রতিবেদন দিতে বলা হয়েছে। সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

কেরানীগঞ্জে ফুলবাড়িয়া টার্মিনাল

গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করে সেখানে স্থায়ী টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

স্থায়ী টার্মিনাল নির্মাণে সময় লাগায় এর আগে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে আগামী চার মাসের মধ্যে একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণ করা হবে। এটি চালু হলে রাজধানীর কেন্দ্রীয় এলাকায় বাস ও আন্তঃজেলা যানবাহনের চাপ কমবে বলে বৈঠকে আলোচনা হয়।

সম্প্রসারণ হচ্ছে গাবতলী টার্মিনাল

যানবাহন ধারণক্ষমতা বাড়াতে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণের সিদ্ধান্ত হয়েছে।

এ কাজ দ্রুত বাস্তবায়নে সড়ক বিভাগ, ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

গাবতলীতে যাবে কারওয়ান বাজারের কিচেন মার্কেট

রাজধানীর যানজট কমাতে কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সচিবালয়ের পাশে পার্কিং

সচিবালয়কেন্দ্রিক যানজট কমাতে পার্কিং সুবিধা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এ লক্ষ্যে ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিংয়ের ব্যবস্থা করা যায় কি না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে।

প্রয়োজন অনুযায়ী বিকল্প পার্কিংয়ের স্থানও খুঁজে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

অটোরিকশায় পৃথক নীতিমালা

ঢাকায় অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। এর মাধ্যমে রাজধানীতে অটোরিকশার চলাচল আরও সুশৃঙ্খল করার উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের চলাচলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে রাজধানীর যানজট নিরসনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৮:৫৬ অপরাহ্ণ | শনিবার, ২৯ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com