অনলাইন ডেস্ক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ প্রিন্ট ৩৫ বার পঠিত
দ্বিতীয় অনকোলজি উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি। নতুন কারখানার মাধ্যমে উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে আয় বৃদ্ধি ও গবেষণা কার্যক্রম জোরদার করতে চায় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।
দ্বিতীয় অনকোলজি উৎপাদন কারখানা স্থাপনে ২৫০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি। গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়।
কোম্পানির মূল্যসংবেদনশীল তথ্য অনুযায়ী, নতুন কারখানাটি চালু হলে ওষুধ উৎপাদনের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। এর মাধ্যমে বছরে অতিরিক্ত ৩৭ কোটি ৯৭ লাখ ট্যাবলেট, ২১ কোটি ১০ লাখ ক্যাপসুল, ২ কোটি ৫৩ লাখ ব্লিস্টার এবং ২ কোটি ভায়াল ইনজেকটেবল ওষুধ উৎপাদন করা সম্ভব হবে।
বীকন ফার্মাসিউটিক্যালসের প্রত্যাশা, নতুন এই বিনিয়োগ দীর্ঘমেয়াদে কোম্পানির আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি উৎপাদন অবকাঠামো সম্প্রসারণ, গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক নিয়ন্ত্রক মানদণ্ড পূরণেও সহায়ক হবে।
এদিকে, ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে কোম্পানিটি। এতে বিক্রয় ও মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধির চিত্র উঠে এসেছে।
২০২৫-২৬ অর্থবছরে বীকন ফার্মাসিউটিক্যালসের বিক্রয় আগের অর্থবছরের তুলনায় ৩১ শতাংশ বেড়েছে। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১০৫ শতাংশ বেড়ে ৮ টাকা ৪১ পয়সায় দাঁড়িয়েছে। আগের অর্থবছরে এ আয় ছিল ৪ টাকা ১০ পয়সা।
আর্থিক ফলাফলের ভিত্তিতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে পরিচালনা পর্ষদ।
লভ্যাংশ বিতরণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ নভেম্বর। প্রস্তাবিত লভ্যাংশ এবং নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
Posted ০৪:১০ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন