|

Advertisement
×

চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে এনসিসি ব্যাংকের ‘চায়না কানেক্ট’

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ৫ বার পঠিত

চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে এনসিসি ব্যাংকের ‘চায়না কানেক্ট’

বাংলাদেশে চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাণিজ্য, বিনিয়োগ ও আর্থিক লেনদেন সহজ করতে ‘এনসিসি চায়না কানেক্ট’ নামে বিশেষায়িত চায়না ডেস্ক চালু করেছে এনসিসি ব্যাংক পিএলসি।

বাংলাদেশে চীনা ব্যবসাপ্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সমন্বিত ব্যাংকিং সেবা দিতে ‘এনসিসি চায়না কানেক্ট’ নামে একটি বিশেষায়িত ডেস্ক চালু করেছে এনসিসি ব্যাংক পিএলসি। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই এ উদ্যোগের লক্ষ্য।

গত ১৪ অক্টোবর ঢাকার রেডিসন ব্লু হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত ‘চায়না ন্যাশনাল ডে সেলিব্রেশন ২০২৬’ অনুষ্ঠানে নতুন এ ডেস্কের উদ্বোধন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।

গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) ও এনসিসি ব্যাংক যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ‘এনসিসি চায়না কানেক্ট’-এর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন।

প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশ-চীন সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে এ সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এনসিসি ব্যাংকের মতো উদ্যোগ ব্যবসায়িক কার্যক্রম সহজ করার পাশাপাশি দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে।

ড. লিউ ইউয়িন বাংলাদেশে চীনা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষায়িত ব্যাংকিং সেবা চালুর উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, এ ধরনের প্ল্যাটফর্ম দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, ব্যবসায়িক যোগাযোগ উন্নত করা এবং অর্থনৈতিক অংশীদারত্ব শক্তিশালী করতে সহায়তা করবে।

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সালিম বলেন, চীনা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন এ উদ্যোগ।

তিনি আশা প্রকাশ করেন, ‘এনসিসি চায়না কানেক্ট’ নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি করবে এবং বাংলাদেশ-চীনের অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করবে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন বলেন, “চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং বিনিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। ‘এনসিসি চায়না কানেক্ট’-এর মাধ্যমে আমরা চীনা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সমন্বিত ও বিশেষায়িত ব্যাংকিং সেবা দিতে চাই। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।”

তিনি জানান, ব্যাংকের মাল্টিন্যাশনাল করপোরেট ব্যাংকিং বিভাগের অধীনে পরিচালিত হবে এ ডেস্ক। চীনা উদ্যোক্তাদের জন্য এটি হবে ব্যাংকিং সেবা গ্রহণের একটি কেন্দ্রীয় যোগাযোগমাধ্যম।

যেসব সেবা পাওয়া যাবে

‘এনসিসি চায়না কানেক্ট’-এর আওতায় চীনা ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ম্যান্ডারিন ভাষায় সহায়তা, বাণিজ্য অর্থায়ন, কার্যকরী মূলধন, প্রকল্প অর্থায়ন, বৈদেশিক মুদ্রা লেনদেন, ব্যাংক গ্যারান্টি, নগদ অর্থ ব্যবস্থাপনা এবং ডিজিটাল ব্যাংকিং সেবা পাবে।

এম শামসুল আরেফিন আরও বলেন, চীনের ৩০টি ব্যাংকের সঙ্গে এনসিসি ব্যাংকের করেসপন্ডেন্ট ব্যাংকিং সম্পর্ক রয়েছে। পাশাপাশি বিশ্বজুড়ে প্রায় ৪০০টি করেসপন্ডেন্ট ব্যাংকের নেটওয়ার্ক ব্যবহার করে চীনের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেনের নিষ্পত্তি আরও সহজ ও দ্রুত করার লক্ষ্য রয়েছে ব্যাংকটির।

এ ছাড়া চীনের মুদ্রা রেনমিনবি বা আরএমবিতে বাণিজ্যিক লেনদেন নিষ্পত্তির সুযোগ তৈরিতেও কাজ করছে ব্যাংকটি।

অনুষ্ঠানে ব্যাংক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত

অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার এবং পরিচালক মো. মঈনউদ্দিন ও মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ উপস্থিত ছিলেন।

এ ছাড়া পরিচালক তানজিনা আলী, সৈয়দ আসিফ নিজামউদ্দিন, শামীমা নেওয়াজ, মোর্শেদুল আলম চাকলাদার ও নাহিদ বানু; স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ-উল-বাশার এবং নিরীক্ষা কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. আমিরুল ইসলাম অনুষ্ঠানে অংশ নেন।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খুরশেদ আলম, মো. জাকির আনাম ও মোহাম্মদ জামাল উদ্দিন মাজুমদার এবং উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমানসহ বিসিসিসিআইয়ের সদস্য, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশে ব্যবসারত চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিশেষায়িত এ ডেস্ক চালুর মাধ্যমে বাংলাদেশে চীনা বিনিয়োগকারীদের ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ হবে বলে আশা করছে এনসিসি ব্যাংক। একই সঙ্গে দ্রুত আন্তর্জাতিক লেনদেন নিষ্পত্তি, বাণিজ্য অর্থায়ন এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে অবদান রাখতে চায় ব্যাংকটি।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com