|

Advertisement
×

জনতা ব্যাংকের অর্গানোগ্রাম দ্রুত অনুমোদনের দাবিতে মানববন্ধন

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ৭ বার পঠিত

জনতা ব্যাংকের অর্গানোগ্রাম দ্রুত অনুমোদনের দাবিতে মানববন্ধন

জনতা ব্যাংক পিএলসির প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) দ্রুত অনুমোদন এবং পদোন্নতিতে নির্ধারিত কাট-অফ ডেট কার্যকরের দাবিতে মানববন্ধন করেছেন ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে আয়োজিত এ কর্মসূচিতে জনতা ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। তাঁরা দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সাংগঠনিক কাঠামোর অনুমোদন এবং পদোন্নতিসংক্রান্ত জটিলতা দ্রুত নিরসনের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, জনতা ব্যাংকের প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদনের বিষয়টি দীর্ঘদিন ধরে আটকে থাকায় কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি ও পেশাগত অগ্রগতিতে জটিলতা তৈরি হয়েছে। এ কারণে সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ বাড়ছে। দ্রুত অর্গানোগ্রাম অনুমোদনের পাশাপাশি পদোন্নতির ক্ষেত্রে নির্ধারিত কাট-অফ ডেট কার্যকর করা প্রয়োজন।

কর্মসূচিতে প্রদর্শিত ব্যানারে দুটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। প্রথমত, ৩ মার্চ ২০২৬ তারিখে সমন্বয় করা সুপারিশনামা বাতিল করে ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের কাট-অফ ডেটের ভিত্তিতে পদোন্নতি দিতে হবে। দ্বিতীয়ত, প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত অনুমোদন করে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের কাট-অফ ডেটের ভিত্তিতে পদোন্নতি কার্যকর করতে হবে।

বক্তারা বলেন, পদোন্নতির ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা ও নীতিমালা বাস্তবায়ন না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের ক্যারিয়ার পরিকল্পনা ব্যাহত হচ্ছে। দীর্ঘসূত্রতা অব্যাহত থাকলে কর্মীদের মধ্যে অসন্তোষ আরও বাড়তে পারে। তাই বিষয়টি দ্রুত নিষ্পত্তিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেন মোতাহের হোসেন, মিজানুর রহমান, তৌহিদুর রহমান, সেলিম খান, সুমন সরকার, সাইদুর রহমান, রাজু আহমেদ ও আশরাফুল হকসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তাঁদের দাবিগুলো দ্রুত বিবেচনা করে সাংগঠনিক কাঠামো অনুমোদন ও পদোন্নতি প্রক্রিয়ার জটিলতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box

Posted ০৭:৩৭ অপরাহ্ণ | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com