Ad
x

ডিএসইর কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও এক পরিচালকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬   প্রিন্ট   ১৮ বার পঠিত

ডিএসইর কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও এক পরিচালকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির কয়েকজন শীর্ষ কর্মকর্তা এবং এক পরিচালকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম, ইনসাইডার ট্রেডিং, গোপন তথ্য ফাঁস এবং বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুদক চেয়ারম্যানের কাছে জমা দেওয়া অভিযোগপত্রে এসব অভিযোগ উত্থাপন করেন পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারী ও সচেতন নাগরিক সমাজের পক্ষে হাসান মাসুদ। অভিযোগে বলা হয়েছে, ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আসাদুর রহমানকে প্রতিষ্ঠানের প্রচলিত নিয়োগ প্রক্রিয়া অনুসরণ না করে বিধিবহির্ভূতভাবে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে ইনসাইডার ট্রেডিং, একাধিক বিও হিসাব ব্যবহার করে শেয়ার লেনদেন, বেনামে ব্রোকারেজ হাউসের মালিকানা গ্রহণ এবং বিভিন্ন ক্রয় প্রক্রিয়ায় কমিশন নেওয়ার অভিযোগও উত্থাপন করা হয়েছে।

একই অভিযোগপত্রে জেনারেল ম্যানেজার ছামিউল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম এবং যৌথ ব্যবসায় সম্পৃক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম ভূঁইয়া, সাইদ মো. জুবায়ের ও হাসানুল করিমের পদোন্নতি সংশ্লিষ্ট বোর্ড কমিটির অনুমোদন ছাড়া দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিনিয়োগকারীদের প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় সহযোগিতা, ইনসাইডার ট্রেডিং এবং বিনিয়োগকারীদের গোপন তথ্য বাইরে পাচারের অভিযোগও করা হয়েছে।

অভিযোগে আরও দাবি করা হয়েছে, ডিএসইর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করা হয়নি। নিয়োগে স্বজনপ্রীতি, প্রভাব খাটানো এবং অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ তুলে কয়েকজন কর্মকর্তার নামও উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী দুদকের কাছে বিষয়গুলো তদন্তে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের আবেদন জানিয়েছেন। পাশাপাশি তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তদন্ত চলাকালে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপেরও অনুরোধ করা হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত কর্মকর্তাদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দুদক অভিযোগটি গ্রহণ করে পরবর্তী কার্যক্রম কীভাবে এগিয়ে নেয়, সেদিকে এখন পুঁজিবাজারসংশ্লিষ্ট মহলের নজর রয়েছে।

Facebook Comments Box

Posted ০৬:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com