|

Advertisement
×

দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় সৌদি আরবের সহযোগিতা চাইল বাংলাদেশ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ২১ বার পঠিত

দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় সৌদি আরবের সহযোগিতা চাইল বাংলাদেশ

এলএনজি সরবরাহ, নির্দিষ্ট টার্মিনাল স্থাপন ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ নিয়ে আলোচনা

বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের সহযোগিতা চেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ লক্ষ্যে দীর্ঘমেয়াদি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ, বিশেষায়িত টার্মিনাল স্থাপন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিষয়ে আলোচনা করেছেন তিনি।

সৌদি আরবে অনুষ্ঠিত ১৭তম আন্তর্জাতিক জ্বালানি ফোরামের (আইইএফ-১৭) সাইডলাইনে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। জ্বালানি খাতে আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার এবং বাংলাদেশের ভবিষ্যৎ জ্বালানি চাহিদা পূরণে সহযোগিতা সম্প্রসারণও ছিল আলোচনার অন্যতম লক্ষ্য। সম্প্রতি এ বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সৌদি আরবের জ্বালানি বিষয়ক সহকারী মন্ত্রী নাসের বিন হাদি আল-কাহতানির সঙ্গে বৈঠকে অনিন্দ্য ইসলাম অমিত রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার নিন্দা জানান। একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রীর প্রতি সমবেদনা জানান তিনি।

বৈঠকে বাংলাদেশের জ্বালানি চাহিদা বিবেচনায় দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহ চুক্তির প্রস্তাব দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি ভবিষ্যতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে একটি নির্দিষ্ট এলএনজি টার্মিনাল প্রতিষ্ঠার বিষয়ে সৌদি সহযোগিতা কামনা করেন। দুই দেশের মধ্যে নিয়মিত প্রতিনিধিদল বিনিময় ও জ্বালানি খাতে পরামর্শ কার্যক্রম জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

জবাবে সৌদি পক্ষ বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করে জ্বালানি ও উন্নয়নমূলক উদ্যোগে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করে।

এদিকে কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী এবং কাতারএনার্জির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ শেরিদা আল-কাবির সঙ্গে পৃথক বৈঠক করেন অনিন্দ্য ইসলাম অমিত। বৈঠকে বাংলাদেশের ক্রমবর্ধমান প্রাকৃতিক গ্যাসের চাহিদা, বিদ্যমান এলএনজি আমদানি ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি গ্যাস সরবরাহ চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

অন্যদিকে, সৌদি আরবভিত্তিক পরিচ্ছন্ন জ্বালানি প্রতিষ্ঠান এসিডব্লিউএ পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুনায়্যান বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সুযোগ অনুসন্ধানে আগ্রহ প্রকাশ করেন। এ ধরনের বিনিয়োগ দেশের পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

বৈঠকগুলোতে বাংলাদেশ থেকে সফররত প্রতিনিধিদলের সদস্যরা এবং সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ্বালানি খাতে এসব আলোচনা বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ এবং সৌদি আরব ও কাতারের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Facebook Comments Box

Posted ১২:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com