নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০২ আগস্ট ২০২৬ প্রিন্ট ৫ বার পঠিত
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুবাইয়ে পাওয়া জামিন বাতিলের লক্ষ্যে বাংলাদেশ সরকার একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল ফার্ম) নিয়োগ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার জামিন বাতিল করে দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইনস ড্রিল শেডে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা একটি ল ফার্ম নিয়োগ করেছি। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে। আশা করছি, বেনজীর আহমেদের জামিন বাতিল করতে সক্ষম হব এবং দ্রুত সময়ের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।”
তিনি জানান, এ বিষয়ে তিনি স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলেছেন। স্বরাষ্ট্রসচিবও সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন। কয়েকদিন আগে নিয়োগ দেওয়া ল ফার্মকে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তারা দুবাইয়ের সংশ্লিষ্ট আদালতে বেনজীর আহমেদের জামিন বাতিলের আবেদন কার্যকরভাবে অনুসরণ করে।
সালাহউদ্দিন আহমদ বলেন, “খবর পেয়েছি, তাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। শর্তগুলোর মধ্যে রয়েছে, তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। তবে আদালতের আদেশের প্রত্যয়নিত অনুলিপি (সার্টিফায়েড কপি) সংগ্রহের নির্দেশ দিয়েছি, যাতে জামিনের সব শর্ত পর্যালোচনা করা যায়।”
তিনি আরও বলেন, “আমাদের নিয়োগ করা ল ফার্মকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন এই জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ ও অনুসরণ করে।”
উল্লেখ্য, বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের একাধিক অভিযোগে দেশে মামলা রয়েছে। এসব মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমের মধ্যে তিনি বিদেশে অবস্থান করছেন। এরই মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার আইনি ও কূটনৈতিক উদ্যোগ জোরদার করেছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
Posted ০৮:৪৭ অপরাহ্ণ | রবিবার, ০২ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com