নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০২ আগস্ট ২০২৬ প্রিন্ট ৫ বার পঠিত
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা চলছে।
রোববার (২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, “বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা প্রক্রিয়া শুরু করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে কোনো অগ্রগতি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানাবে।”
দুবাইয়ে বেনজীর আহমেদের জামিনে মুক্তির বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে তার কাছে সর্বশেষ তথ্য নেই।
তিনি বলেন, “আমি বিভিন্ন বৈঠক থেকে এসেছি। বিষয়টি সম্পর্কে হালনাগাদ তথ্য না জেনে মন্তব্য করা ঠিক হবে না। এ বিষয়ে সর্বশেষ তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া যাবে।”
এর আগে একই দিন রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, দুবাইয়ে বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য বাংলাদেশ সরকার একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল ফার্ম) নিয়োগ করেছে। তিনি বলেন, সরকার আশা করছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিন বাতিল করে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।
একই ব্রিফিংয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল বিশেষ দূত সার্জিও গরের সাম্প্রতিক ঢাকা সফর ছিল মূলত একটি পরিচিতিমূলক ও অনুসন্ধানধর্মী সফর।
হুমায়ুন কবির বলেন, এটি ছিল সার্জিও গরের বাংলাদেশে প্রথম সফর। সফরের উদ্দেশ্য ছিল দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করার সম্ভাবনা নিয়ে আলোচনা করা।
তার ভাষ্য, পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সার্জিও গরের বৈঠক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, ভূ-রাজনৈতিক বিষয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ উঠেছিল কি না জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, “শেখ হাসিনা এখন একটি অপ্রাসঙ্গিক বিষয়। এ নিয়ে কোনো আলোচনা হয়নি।”
আসিয়ানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ডায়ালগ পার্টনার’ এবং ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ দুটি ভিন্ন ধরনের অংশীদারত্ব। এ দুটি ধারণা নিয়ে বিভ্রান্তি না রাখার আহ্বান জানান তিনি।
Posted ০৮:৪৯ অপরাহ্ণ | রবিবার, ০২ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com